পাকিস্তানে ৪৮ ঘণ্টায় নিহত ৪৬
আন্তর্জাতিক ডেস্ক
পাকিস্তানের উত্তরপশ্চিমাঞ্চলে একের পর এক সশস্ত্র হামলায় গত ৪৮ ঘণ্টায় পুলিশ সদস্য ও বেসামরিকসহ অন্তত ২০ জন নিহত হয়েছেন। একই সময়ে পাকিস্তান সেনাবাহিনী পৃথক চারটি অভিযানে ২৬ জন সন্ত্রাসী নিহত হয়েছে। বৃহস্পতিবার দেশটির এক জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন বলে জানিয়েছে বার্তাসংস্থা এএফপি।
পুলিশের মতে, খাইবার পাখতুনখোয়া প্রদেশের বিভিন্ন এলাকায় সিরিজ হামলায় দুই দিনে পুলিশের ১৫ সদস্য নিহত হয়েছেন। এ ছাড়া চারজন বেসামরিক প্রাণ হারিয়েছেন। পাশাপাশি দুই পুলিশ কর্মকর্তা অপহরণও হয়েছে; তাঁরা এখনো নিখোঁজ রয়েছেন।
বেশিরভাগ হামলার দায় স্বীকার করেছে নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন তেহরিক-ই-তালিবান পাকিস্তান (টিটিপি)। ২০২১ সালে আফগানিস্তানে তালেবান সরকার ক্ষমতায় আসার পর থেকে পাকিস্তানে টিটিপির হামলার সংখ্যা বেড়েছে বলে ইসলামাবাদের দাবি। তবে নিজেদের যোদ্ধারা নিহত হয়েছেন কি না, সে বিষয়ে টিটিপি কোনো মন্তব্য করেনি।
অন্যদিকে, পাকিস্তান সেনাবাহিনী জানিয়েছে, প্রদেশটিতে গত ৪৮ ঘণ্টায় পৃথক চারটি অভিযানে ২৬ জন সন্ত্রাসী নিহত হয়েছেন। তবে টিটিপি নিজেদের যোদ্ধা নিহত হয়েছে কি না, সে বিষয়ে কোনো মন্তব্য করেনি।
সাম্প্রতিক হামলাগুলো আফগানিস্তান ও পাকিস্তান বাহিনীর মধ্যে পাল্টাপাল্টি হামলার কয়েক দিনের মধ্যেই ঘটেছে। ইসলামাবাদ অভিযোগ করছে, আফগান ভূখণ্ড ব্যবহার করে সন্ত্রাসীরা পাকিস্তানে হামলা চালাচ্ছে, যা আফগানিস্তান বরাবর অস্বীকার করছে।
বিশ্লেষকরা বলছেন, খাইবার পাখতুনখোয়া ও বেলুচিস্তানে সহিংসতা বৃদ্ধি পাওয়ায় দুই দেশের সম্পর্ক তলানিতে পৌঁছেছে এবং বড় ধরনের সংঘাতের ঝুঁকি তৈরি হচ্ছে।
অন্যদেশ সব খবর















