সাবেক মেয়র আইভীর জামিন ৫ মামলায়
সিভয়েস২৪ ডেস্ক
বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় দায়ের করা চারটি হত্যা মামলাসহ পাঁচ মামলায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীকে জামিন দিয়েছেন হাইকোর্ট।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বিচারপতি কে এম জাহিদ সারওয়ার কাজলের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে আইভীর পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী সারা হোসেন। তাঁর সঙ্গে ছিলেন অ্যাডভোকেট হৃদয় রহমান।
এর আগে বৈষম্যবিরোধী আন্দোলনে পোশাকশ্রমিক মিনারুল ইসলাম হত্যাসহ পাঁচ মামলায় গত নভেম্বর মাসে হাইকোর্ট আইভীকে জামিন দিয়েছিলেন। তবে আপিল বিভাগের আদেশে সেই জামিন স্থগিত হয়। পরে নতুন করে তাঁকে পাঁচ মামলায় শোন অ্যারেস্ট দেখানো হয়। গত বছরের মে মাসে মিনারুল হত্যা মামলায় তাঁর জামিন আবেদন নামঞ্জুর করেন আদালত।
ঘটনাটি ঘটে ২০২৪ সালের ২০ জুলাই সন্ধ্যায়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে আদমজী এলাকায় গুলিবিদ্ধ হন পোশাকশ্রমিক মিনারুল ইসলাম। তাঁকে শহরের খানপুরে অবস্থিত ৩০০ শয্যাবিশিষ্ট নারায়ণগঞ্জ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরদিন তার গ্রামের বাড়িতে দাফন সম্পন্ন হয়।
এ ঘটনায় ২৩ সেপ্টেম্বর নিহতের ভাই নাজমুল হক বাদী হয়ে শেখ হাসিনাসহ ১৩২ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৩০০ জনকে আসামি করে সিদ্ধিরগঞ্জ থানায় হত্যা মামলা করেন। ওই মামলায় এজাহারভুক্ত ১২ নম্বর আসামি সেলিনা হায়াৎ আইভী। পরবর্তী সময়ে তার বিরুদ্ধে আরও মামলা দায়ের করা হয়।
রাজনীতি সব খবর















