Cvoice24.com

শিক্ষা প্রতিমন্ত্রী হচ্ছেন সাঈদ আল নোমান!

সিভয়েস২৪ প্রতিবেদক
১৯:৪৮, ১৬ ফেব্রুয়ারি ২০২৬
শিক্ষা প্রতিমন্ত্রী হচ্ছেন সাঈদ আল নোমান!

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর সরকার গঠনের প্রক্রিয়া শুরু করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। সম্ভাব্য মন্ত্রিসভার তালিকা নিয়ে দল ও রাজনৈতিক অঙ্গনে আলোচনা চললেও চট্টগ্রাম থেকে তরুণ নেতাদের মধ্যে সবচেয়ে বেশি আলোচনায় রয়েছেন চট্টগ্রাম-১০ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য সাঈদ আল নোমান। দলীয় ও সংশ্লিষ্ট একাধিক সূত্র বলছে, তাঁকে শিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হতে পারে।

সাঈদ আল নোমান বিএনপির প্রয়াত নেতা ও সাবেক মন্ত্রী আবদুল্লাহ আল নোমানের ছেলে। চট্টগ্রাম-১০ (ডবলমুরিং, পাহাড়তলী, হালিশহর ও খুলশী) সংসদীয় আসন থেকে বিপুল ভোটে নির্বাচিত হয়ে তিনি এবার জাতীয় সংসদে আসেন। দলের ভেতরে তাঁকে তরুণ ও পরিচ্ছন্ন ভাবমূর্তির নেতা হিসেবে বিবেচনা করা হয়।

শিক্ষাগত যোগ্যতার দিক থেকেও তিনি আলোচনায় রয়েছেন। তিনি যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল মিশিগান ইউনিভার্সিটি থেকেও স্নাতক ডিগ্রি অর্জন করেছেন। যুক্তরাজ্যের লন্ডন স্কুল অব ইকোনমিকস অ্যান্ড পলিটিক্যাল সায়েন্স থেকে স্নাতকোত্তর ডিগ্রি নিয়েছেন। এবং অক্সফোর্ড ইউনিভার্সিটি থেকে এমফিল করেছেন। পাশাপাশি বেসরকারি বিশ্ববিদ্যালয় ইস্ট ডেল্টা ইউনিভার্সিটি-এর পরিচালনা কার্যক্রম ও শিক্ষাখাতে সম্পৃক্ততার অভিজ্ঞতাও রয়েছে তাঁর।

দলীয় সূত্র জানায়, নতুন সরকারে তরুণ ও শিক্ষিত নেতৃত্বকে অগ্রাধিকার দেওয়ার বিষয়ে বিএনপির শীর্ষ পর্যায়ে আলোচনা হয়েছে। সে বিবেচনায় শিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে সাঈদ আল নোমানের নাম বিবেচনায় থাকতে পারে। তবে এ বিষয়ে দল থেকে আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেওয়া হয়নি।