Cvoice24.com

শপথ নিলেন জামায়াতের এমপিরা

সিভয়েস২৪ ডেস্ক
১৩:০৫, ১৭ ফেব্রুয়ারি ২০২৬
শপথ নিলেন জামায়াতের এমপিরা

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নবনির্বাচিত সংসদ সদস্যরা সংসদ ও সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নিয়েছেন। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার কিছু আগে জাতীয় সংসদ ভবনের শপথকক্ষে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন তাঁদের শপথ পাঠ করান। 

শপথ অনুষ্ঠান পরিচালনা করেন সংসদ সচিবালয়ের সচিব কানিজ মওলা। এ সময় জামায়াতসহ ১১ দলীয় জোটের একাংশ উপস্থিত ছিলেন।

প্রথমে তাঁরা জাতীয় সংসদের সদস্য হিসেবে শপথ নেন, পরে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ গ্রহণ করেন।

এর আগে সকালে জামায়াতের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের বলেন, ‘বিএনপির নবনির্বাচিত এমপিরা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ না নিলে জামায়াতের সদস্যরাও কোনো শপথ নেবেন না। তাঁদের মতে, সংস্কারবিহীন সংসদ অর্থহীন।

সকাল পৌনে ১১টার দিকে বিএনপির নবনির্বাচিত এমপিরা সংসদ সদস্য হিসেবে শপথ নিলেও সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেননি বলে দলীয় সূত্র জানিয়েছে।

এবারের জাতীয় সংসদ নির্বাচনে ২৯৭টি আসনের মধ্যে জামায়াতে ইসলামী এককভাবে ৬৮টি আসনে বিজয়ী হয়েছে।