সাড়ে তিন কোটি টাকায় ২০ মিটারের বালী খাল ব্রিজ উদ্বোধন
সিভয়েস২৪ প্রতিবেদক
নগরের কালুরঘাট শিল্পাঞ্চলে ৩ কোটি ৫০ লাখ টাকা ব্যয়ে নির্মিত ২০ মিটার দীর্ঘ বালী খাল ব্রিজের উদ্বোধন করা হয়েছে। ০৫ নম্বর মোহরা ওয়ার্ডে অবস্থিত এ ব্রিজটি শিল্প ও জনসাধারণের চলাচল সহজ করতে নির্মাণ করা হচ্ছে বলে জানিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) ফলক উন্মোচনের মাধ্যমে চসিকের প্রকল্পটির উদ্বোধন করতে গিয়ে এ তথ্য দেন সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন।
উদ্বোধনী অনুষ্ঠানে মেয়র বলেন, 'কালুরঘাট শিল্পাঞ্চল চট্টগ্রামের অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ। এই ব্রিজ নির্মাণ হলে সড়ক যোগাযোগ উন্নত হবে এবং যান চলাচল আরও গতিশীল হবে। ব্রিজটি চালু হলে খালের পানিপ্রবাহও বাড়বে, যা বর্ষাকালে জলাবদ্ধতা কমাতে সহায়ক হতে পারে।'
চসিক সূত্রে জানা গেছে, বালী খালের ওপর নির্মিত এই ২০ মিটার দীর্ঘ ব্রিজটি শিল্প এলাকার সঙ্গে আশপাশের সড়ক নেটওয়ার্ককে সংযুক্ত করবে। এতে শিল্পপ্রতিষ্ঠানের কাঁচামাল পরিবহন ও পণ্য সরবরাহ সহজ হবে। স্থানীয় বাসিন্দারাও সরাসরি উপকৃত হবেন।
অনুষ্ঠানে চসিকের প্রধান প্রকৌশলী আনিসুল ইসলাম, সাবেক কাউন্সিলর আজম খান, প্রকৌশলী রিফাতুল করিম, প্রকৌশলী শাফকাত আমিনসহ প্রমুখ উপস্থিত ছিলেন।
চট্টগ্রাম (মহানগর, উত্তর, দক্ষিণ) সব খবর














