Cvoice24.com

ফটিকছড়িতে অবৈধভাবে মাটি কেটে জরিমানা দিলেন তিন ব্যক্তি

ফটিকছড়ি প্রতিনিধি, সিভয়েস২৪
১৮:২৮, ২৬ ফেব্রুয়ারি ২০২৬
ফটিকছড়িতে অবৈধভাবে মাটি কেটে জরিমানা দিলেন তিন ব্যক্তি

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় অবৈধভাবে মাটি কাটার দায়ে তিন ব্যক্তিকে পাঁচ লাখ টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) উপজেলার নানুপুর ও পাইন্দং ইউনিয়নের বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে পাইন্দং ইউনিয়নের আজিজ ব্রিকস সংলগ্ন এলাকা এবং পানিছড়ি এলাকায় অবৈধভাবে মাটি কাটার প্রমাণ পাওয়া যায়। এ সময় অপরাধ স্বীকার করায় সাইফুল ইসলাম (৩৫) নামের একজনকে ৫০ হাজার টাকা এবং মো. করিম (২৬) নামের আরেকজনকে ৪ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

এছাড়া পৃথক এক ঘটনায় অবৈধভাবে মাটি কাটা ও পরিবহনের সঙ্গে জড়িত থাকার দায়ে মো. আবু জাফর নামের একজনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নজরুল ইসলাম। তিনি জানান, পরিবেশবিধ্বংসী এ ধরনের কর্মকাণ্ড রোধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। আদায়কৃত অর্থ চালানের মাধ্যমে রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়া হয়েছে বলেও তিনি জানান।

চট্টগ্রাম (মহানগর, উত্তর, দক্ষিণ) সব খবর