Cvoice24.com

টেকনাফে ডাম্পার চাপায় শিশুর মৃত্যু, ক্ষুব্ধ জনতার আগুন

কক্সবাজার প্রতিনিধি
১৯:২৪, ২৬ ফেব্রুয়ারি ২০২৬
টেকনাফে ডাম্পার চাপায় শিশুর মৃত্যু, ক্ষুব্ধ জনতার আগুন

কক্সবাজার-টেকনাফ মহাসড়কের হোয়াইক্যং গোদারপাড়া এলাকায় ডাম্পার ট্রাকের চাপায় সোহাগ (৯) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। একই ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন। 

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে হোয়াইক্যং ইউনিয়নের খারাংখালী গোদারপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সোহাগ হোয়াইক্যং ইউনিয়নের গোদারপাড়ার বাসিন্দা নুরুল হাকিমের ছেলে। গুরুতর আহত ব্যক্তি হলেন একই এলাকার বাসিন্দা, মৃত আবুল শামার ছেলে আমির হামজা (৭৩)।

হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক খোকন কান্তি রুদ্র জানিয়েছেন, কক্সবাজার-টেকনাফ মহাসড়কে মাটি বহনের কাজে নিয়োজিত একটি দ্রুতগতির ডাম্পারের ধাক্কায় শিশুটি মারা যায়। স্থানীয়দের সহযোগিতায় পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠিয়েছে। আহত ব্যক্তিকেও হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

এদিকে দুর্ঘটনার পর ডাম্পারের চালক পালিয়ে যাওয়ায় স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। একপর্যায়ে বিক্ষুব্ধ জনতা ডাম্পারটিতে আগুন ধরিয়ে দেয়, ফলে গাড়িটি পুড়ে যায়। খবর পেয়ে হোয়াইক্যং পুলিশ ফাঁড়ি ও হাইওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। 

পুলিশ জানিয়েছে, বর্তমানে সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।