Cvoice24.com

গুম হওয়া সিরাজের রাজনৈতিক পথেই হাঁটতে চান সহধর্মিণী

সিভয়েস২৪ প্রতিবেদক
১২:০৪, ২৬ ফেব্রুয়ারি ২০২৬
গুম হওয়া সিরাজের রাজনৈতিক পথেই হাঁটতে চান সহধর্মিণী

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী সংরক্ষিত নারী আসনে এমপি মনোনয়ন ঘিরে বিএনপিতে শুরু হয়েছে জোর আলোচনা। দলীয় সূত্রে গুঞ্জন রয়েছে, বিগত বছরগুলোতে দমন-পীড়নের মধ্যেও যারা মাঠে থেকে সংগঠন সচল রেখেছেন এবং দলের স্বার্থে গুম-নির্যাতনের শিকার শীর্ষ নেতাদের পরিবার— তাদের অগ্রাধিকার ভিত্তিতে বিবেচনা করা হতে পারে। কেন্দ্রের এমন ভাবনাকে সময়োপযোগী সিদ্ধান্ত হিসেবে দেখছেন দলটির বিভিন্ন পর্যায়ের নেতারা।

জানা গেছে, চট্টগ্রাম-২ আসনের সংরক্ষিত নারী আসনে মনোনয়ন পেতে আগ্রহী একাধিক নেত্রী। সম্ভাব্যদের তালিকায় রয়েছেন ব্যারিস্টার সাকিলা ফারজানা, ফাতেমা বাদশা, মনোয়ারা বেগম মনি, সাধারণ সম্পাদক জেলী চৌধুরী, মেহেরুন নেছা নার্গিস, জান্নাতুল নাঈম রিকু, নাজমা সাঈদ, জেবুন নেছা রুনা ও সুলতানা পারভীন। তারা প্রত্যেকেই বিভিন্ন পদে দায়িত্ব পালন করছেন।

তাদের মধ্যে আলোচনায় রয়েছেন গুম হওয়া বিএনপি নেতা শহিদুল আলম সিরাজের সহধর্মিণী সুলতানা পারভীন। দীর্ঘদিন ধরে স্বামীর প্রত্যাবর্তনের অপেক্ষায় থাকলেও এখনো নিখোঁজ রয়েছেন ফটিকছড়ি উপজেলার লেলাং ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শহিদুল আলম সিরাজ।

স্থানীয়দের ভাষ্য, তিনি ছিলেন প্রয়াত সংসদ সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরী-এর একনিষ্ঠ কর্মী। ফটিকছড়ির ১৩ নম্বর লেলাং ইউনিয়নের সফল চেয়ারম্যান হিসেবে এলাকায় সমাজসেবা ও কৃষি উন্নয়নে ভূমিকা রাখেন তিনি। দলীয় কর্মসূচি ‘চলো চলো ঢাকা চলো’-তে অংশ নিতে ঢাকায় যাওয়ার পর নিখোঁজ হন বলে দাবি পরিবারের।

লেলাং ইউনিয়নের বাসিন্দাদের প্রত্যাশা, গুমের শিকার চেয়ারম্যানের সহধর্মিণীকে সংরক্ষিত নারী আসনে মূল্যায়ন করা হলে তা হবে একটি প্রতীকী ও রাজনৈতিক বার্তা— যা আগামী দিনের নতুন বাংলাদেশ বিনির্মাণে ভূমিকা রাখতে পারে।

এদিকে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিগত বছরগুলোতে শহিদুল আলম সিরাজের পরিবারের খোঁজখবর নিয়েছেন বলে দলীয় সূত্রে জানা গেছে।