Cvoice24.com

রামুতে পিকআপে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার, চালক গ্রেপ্তার

কক্সবাজার প্রতিনিধি
১৭:২৪, ৩০ জুলাই ২০২৬
রামুতে পিকআপে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার, চালক গ্রেপ্তার

কক্সবাজারের রামু উপজেলায় পুলিশের অভিযানে একটি মিনি পিকআপ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও তিন রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় পিকআপের চালককে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুর ১২টার দিকে রামু থানার সামনে ফতেখারকুল ইউনিয়নের হাজারীকুল এলাকায় এই অভিযান চালানো হয়।

রামু থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কাউয়ারখোপ ইউনিয়নের নাইক্ষ্যংছড়ি-রামু সড়কে অস্থায়ী চেকপোস্ট বসানো হয়। এ সময় একটি মিনি পিকআপকে থামার সংকেত দেওয়া হলে চালক তা অমান্য করে দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। পরে গাড়িটির পিছু নিয়ে রামু থানার সামনে সেটিকে আটক করা হয়।

পুলিশের ভাষ্যমতে, তল্লাশির সময় চালকের আসনের পাশে স্টিয়ারিংয়ের নিচে ব্রেকের পাদানির নিচ থেকে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও তিন রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়। এ সময় পিকআপটিও জব্দ করা হয়।

গ্রেপ্তার ব্যক্তির নাম মো. সোহেল (২৭)। তিনি রামু উপজেলার কচ্ছপিয়া ইউনিয়নের মৌলভীকাটা এলাকার বাসিন্দা ফরিদুল আলমের ছেলে।

পুলিশ আরও জানায়, জব্দকৃত আলামতের মধ্যে রয়েছে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, তিন রাউন্ড তাজা গুলি, একটি মিনি পিকআপ ও একটি বাটন মোবাইল ফোন।

এ বিষয়ে রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভূঁইয়া অভিযানের সত্যতা নিশ্চিত করেছেন। গ্রেপ্তার চালকের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে।

কক্সবাজার সব খবর