কক্সবাজারে প্যারাসেইলিংয়ের সময় রশি ছিঁড়ে সাগরে পড়ে পর্যটকের মৃত্যু
কক্সবাজার প্রতিনিধি
কক্সবাজার সমুদ্রসৈকতে প্যারাসেইলিং করার সময় রশি ছিঁড়ে সাগরে পড়ে এক পর্যটকের মৃত্যু হয়েছে। শনিবার দুপুর দুইটার দিকে কক্সবাজার মেরিন ড্রাইভসংলগ্ন দরিয়ানগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত অক্ষর সৌভিক রায় (৩১) খুলনা মহানগরের স্যার ইকবাল রোডের বানিয়াখামার এলাকার বাসিন্দা শেখর রায়ের ছেলে।
জেলা প্রশাসনের বিচকর্মীদের সুপারভাইজার মাহবুব আলম বলেন, খুলনা থেকে আসা নয় সদস্যের একটি পর্যটক দল কক্সবাজারে বেড়াতে এসে কলাতলীর একটি হোটেলে অবস্থান করছিল। দুপুরে দরিয়ানগর এলাকায় প্যারাসেইলিং করার সময় রশি ছিঁড়ে অক্ষর সৌভিক রায় সাগরে পড়ে যান। পরে তাঁকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কীভাবে দুর্ঘটনাটি ঘটেছে, তা তদন্ত করে দেখা হচ্ছে। মরদেহ কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত নিহতের সঙ্গে থাকা স্বজন বা বন্ধুদের কেউ এবং সংশ্লিষ্ট প্যারাসেইলিং প্রতিষ্ঠানের পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।
তবে স্থানীয় সূত্রে জানা গেছে, দরিয়ানগর এলাকায় একটি বেসরকারি প্রতিষ্ঠানের উদ্যোগে প্যারাসেইলিং কার্যক্রম পরিচালিত হয়ে আসছে। স্থানীয়দের অভিযোগ, সেখানে নিরাপত্তাবিধি যথাযথভাবে অনুসরণ করা হয় না এবং প্রশিক্ষণ ও পরিচালনায় প্রয়োজনীয় মানদণ্ডও সব সময় নিশ্চিত করা হয় না।
স্থানীয়দের দাবি, গত দুই বছরে এই প্যারাসেইলিং কার্যক্রমে অন্তত ১০ জন পর্যটক আহত হয়েছেন। ২০২৪ সালের জানুয়ারিতে একাধিক দুর্ঘটনার পর নিরাপত্তা ঝুঁকির কারণে জেলা প্রশাসন সাময়িকভাবে কার্যক্রম বন্ধ ঘোষণা করেছিল। পরে তা আবার চালু করা হয়। চলতি বছরের এপ্রিলেও একই কার্যক্রমে এক পর্যটক আহত হওয়ার ঘটনা ঘটে।সর্বশেষ এই মৃত্যুর ঘটনায় কক্সবাজারে প্যারাসেইলিং কার্যক্রমের নিরাপত্তা, তদারকি ও লাইসেন্সিং ব্যবস্থা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।
কক্সবাজার সব খবর















