Cvoice24.com

বন্দর নিয়ে জাতীয় স্বার্থবিরোধী কোনো কাজ করবে না সরকার: নৌপরিবহন উপদেষ্টা

সিভয়েস প্রতিবেদক
১৭:১০, ২ ফেব্রুয়ারি ২০২৬
বন্দর নিয়ে জাতীয় স্বার্থবিরোধী কোনো কাজ করবে না সরকার: নৌপরিবহন উপদেষ্টা

দেশের বন্দর নিয়ে জাতীয় স্বার্থবিরোধী কোনো সিদ্ধান্ত বর্তমান সরকার নেবে না বলে জানিয়েছেন নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন।

সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুরে নৌপরিবহন মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।

নৌপরিবহন উপদেষ্টা বলেন, চট্টগ্রাম বন্দরকে কেন্দ্র করে যে পরিস্থিতি তৈরি হয়েছে, তাতে সংশ্লিষ্টদের বিষয়ে খতিয়ে দেখা হচ্ছে। বর্তমান পরিস্থিতির কারণে বন্দরের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে। বিষয়টি নিয়ে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ কাজ করছে।

তিনি বলেন, বন্দর কিংবা দেশের জন্য যা মঙ্গলজনক ও কল্যাণকর, নৌপরিবহন মন্ত্রণালয় সেটিকেই সমর্থন করে। দেশের স্বার্থে বন্দর সচল রাখা সবার দায়িত্ব। বন্দরে উদ্ভূত পরিস্থিতির কারণে সাধারণ মানুষ ভোগান্তিতে পড়ছে বলেও তিনি উল্লেখ করেন।

ড. এম সাখাওয়াত হোসেন বলেন, যে বিষয়কে কেন্দ্র করে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে, তা অনাকাঙ্ক্ষিত। দেশের স্বার্থবিরোধী কোনো সিদ্ধান্ত সরকার বাস্তবায়ন করবে না—এ বিষয়ে সবাইকে আশ্বস্ত করেন তিনি।

রমজান মাসকে সামনে রেখে কতিপয় ব্যবসায়ী লাইটার জাহাজে পণ্য মজুদ করে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য বাড়ানোর অপচেষ্টা করছে বলে অভিযোগ করেন নৌপরিবহন উপদেষ্টা। তিনি জানান, এসব অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে নৌপরিবহন অধিদপ্তরসহ সংশ্লিষ্ট সংস্থাগুলো নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করছে। অভিযোগ প্রমাণিত হলে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।