নতুন গান নিয়ে ফিরছেন নুসরাত ফারিয়া
বিনোদন ডেস্ক
দীর্ঘ বিরতির পর নতুন গান নিয়ে ফিরছেন চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। আসন্ন ঈদুল আজহা উপলক্ষে তিনি নিয়ে আসছেন ‘লোকে বলে’ শিরোনামের একটি ফোক-পপ ঘরানার গান।
জনপ্রিয় সংগীতশিল্পী ও সুরকার ফুয়াদ আল মুক্তাদিরের সংগীতায়োজনে গানটি তৈরি হয়েছে। গানটির কথা লিখেছেন তাহজিব এম বন্ধন।
শুক্রবার (২২ মে) রাতে সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে নুসরাত ফারিয়া জানান, ‘কথা দিয়েছিলাম নতুন গান নিয়ে আসব।’ তিনি আরও জানান, এবারের ঈদ উদযাপন আরও গ্র্যান্ড হতে যাচ্ছে।
গানটি আগামী ২৬ মে প্রকাশিত হবে বলে জানা গেছে। এটি এসভিএফ ও ব্লিং মিউজিকের ব্যানারে মুক্তি পাবে। মিউজিক ভিডিও নির্মাণ করেছেন ভারতের খ্যাতিমান কোরিওগ্রাফার ও নির্মাতা বাবা যাদব।
বিনোদন জগতে বেলাল খানের একটি গানের মডেল হিসেবে পথচলা শুরু করেন নুসরাত ফারিয়া। পরে উপস্থাপনা, নাটক ও চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে তিনি জনপ্রিয়তা অর্জন করেন। ২০১৮ সালে ‘পটাকা’ গান দিয়ে সংগীতাঙ্গনে আত্মপ্রকাশ করেন তিনি।
২০২৪ সালে এসভিএফের ব্যানারে সর্বশেষ গান প্রকাশিত হয়েছিল তার। ‘লোকে বলে’ হবে তার পঞ্চম একক গান।
এদিকে স্টেজ শো নিয়ে ব্যস্ত সময় পার করছেন এই অভিনেত্রী-গায়িকা। সম্প্রতি তিনি দুবাইয়ে একটি স্টেজ শোতেও অংশ নেন। সংশ্লিষ্টরা মনে করছেন, নতুন গানটি এবারের ঈদ উৎসবে দর্শক-শ্রোতাদের জন্য আলাদা মাত্রা যোগ করবে।
বিনোদন সব খবর















