Cvoice24.com

অভিনেত্রী তানজিন তিশাকে আদালতে হাজির হওয়ার নির্দেশ

বিনোদন ডেস্ক
১১:০৫, ১৩ জুলাই ২০২৬
অভিনেত্রী তানজিন তিশাকে আদালতে হাজির হওয়ার নির্দেশ

শাড়ি সংক্রান্ত প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে দায়ের করা এক মামলায় ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশাকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন আদালত। রবিবার (১২ জুলাই) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের ১০ নম্বর আদালতের ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানা এ আদেশ দেন। আগামী ১৩ আগস্ট তাকে আদালতে উপস্থিত থাকতে বলা হয়েছে।

মামলার অভিযোগে বলা হয়েছে, অনলাইনভিত্তিক ফ্যাশন পেজ ‘অ্যাপোনিয়া’ থেকে ২৮ হাজার ৮০০ টাকা মূল্যের একটি শাড়ি নিয়ে সেটির প্রচারণা এবং মূল্য পরিশোধের প্রতিশ্রুতি দিয়েছিলেন তানজিন তিশা। তবে পরে তিনি যোগাযোগ বিচ্ছিন্ন করেন বলে অভিযোগ করেন বাদী।

এ ঘটনায় ফ্যাশন পেজটির প্রশাসক আমিনুল ইসলাম ২০২৫ সালের নভেম্বরে প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে আদালতে মামলা করেন।

মামলা দায়েরের পর আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশকে (ডিবি) তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। সম্প্রতি ডিবি তদন্ত প্রতিবেদন আদালতে জমা দিলে তা আমলে নিয়ে তানজিন তিশার বিরুদ্ধে সমন জারি করা হয় এবং আগামী ১৩ আগস্ট আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়।

বাদীপক্ষের আইনজীবী সলিমুল্লাহ সরকার বলেন, আইনি নোটিশ পাঠানোর পরও কোনো সাড়া না পাওয়ায় মামলাটি করা হয়। তিনি দাবি করেন, ডিবির তদন্তে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে।

তবে এর আগে, সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বক্তব্যে তানজিন তিশা দাবি করেন, শাড়িটি তাকে উপহার হিসেবে দেওয়া হয়েছিল। এটি কেনা বা মূল্য পরিশোধের কোনো বিষয় ছিল না বলেও উল্লেখ করেন তিনি।