Cvoice24.com

দেশের সেরা সুন্দরীর মুকুট সামানজারের

বিনোদন ডেস্ক
১২:০৩, ১২ জুলাই ২০২৬
দেশের সেরা সুন্দরীর মুকুট সামানজারের

দেশের অন্যতম মর্যাদাপূর্ণ সৌন্দর্য প্রতিযোগিতা ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০২৬’-এর মুকুট জিতেছেন সামানজার সাঈদ। শনিবার (১১ জুলাই) রাতে রাজধানীর র‍্যাডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেনের মল্লিকা হলে আয়োজিত বর্ণাঢ্য গ্র্যান্ড ফিনালেতে তার নাম বিজয়ী হিসেবে ঘোষণা করা হয়।

এই জয়ের মাধ্যমে আগামী আগস্টে ভিয়েতনামে অনুষ্ঠিতব্য ৭৫তম মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করার সুযোগ পেলেন তিনি।

এবারের আয়োজন পরিচালনা করে আজরা মাহমুদ ট্যালেন্ট ক্যাম্প (এএমটিসি)। বিচারকদের চূড়ান্ত রায়ে সেরা সুন্দরীর মুকুট ওঠে সামানজারের মাথায়। প্রতিযোগিতায় প্রথম রানারআপ হয়েছেন স্বাগতা সাহা ঐশী এবং দ্বিতীয় রানারআপ হয়েছেন লাবিবা মনজুর।

আয়োজকদের ভাষ্য, কেবল বাহ্যিক সৌন্দর্য নয়, বরং বুদ্ধিমত্তা, আত্মবিশ্বাস, নেতৃত্বের গুণ এবং সামাজিক দায়বদ্ধতার মতো বিষয়গুলোও মূল্যায়নের গুরুত্বপূর্ণ অংশ ছিল। এসব মানদণ্ডে সেরা পারফরম্যান্স দেখিয়েই বিজয়ী হয়েছেন সামানজার সাঈদ।

বিচারক প্যানেলে ছিলেন মিস ইউনিভার্স বাংলাদেশ ২০১৯-এর শিরিন আক্তার শিলা, মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০১৯-এর রাফা নানজীবা তোরসা, হেরিটেজ টেক্সটাইল বিশেষজ্ঞ শেখ সাইফুর রহমান, মেহরিন আফরোজ চৌধুরী এবং এফা তাবাসসুম।

মুকুট জয়ের পরই আন্তর্জাতিক আসরের প্রস্তুতি শুরু করেছেন সামানজার। আগামী কয়েক সপ্তাহ তিনি ব্যক্তিত্ব বিকাশ, আন্তর্জাতিক উপস্থাপনা এবং ‘বিউটি উইথ আ পারপাস’ প্রকল্পের আওতায় বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রমে অংশ নেবেন।

আগামী ৯ আগস্ট ভিয়েতনামের হো চি মিন সিটিতে শুরু হবে ৭৫তম মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতার মূল আয়োজন। বিশ্বের বিভিন্ন দেশের প্রতিযোগীদের সঙ্গে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন সামানজার সাঈদ। প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হবে আগামী ৫ সেপ্টেম্বর।

এখন দেখার বিষয়, দেশের মুকুট জয়ের পর বিশ্বমঞ্চে বাংলাদেশের জন্য কতটা সাফল্য বয়ে আনতে পারেন নতুন এই বিউটি কুইন।