Cvoice24.com

টেলর সুইফট–ট্র্যাভিস কেলসির ‘গোপন’ বিয়ে! তবুও ফাঁস ভেন্যু

বিনোদন ডেস্ক
১৪:১১, ৩ জুলাই ২০২৬
টেলর সুইফট–ট্র্যাভিস কেলসির ‘গোপন’ বিয়ে! তবুও ফাঁস ভেন্যু

মার্কিন পপ সম্রাজ্ঞী টেলর সুইফট ও এনএফএল তারকা ট্র্যাভিস কেলসির প্রেম নিয়ে দীর্ঘদিন ধরেই ভক্তদের আগ্রহ তুঙ্গে। এবার সেই কৌতূহলের কেন্দ্রবিন্দুতে তাদের বহুল আলোচিত বিয়ে। তবে আড়ম্বরপূর্ণ এই আয়োজনকে ঘিরে নেওয়া হয়েছে নজিরবিহীন গোপনীয়তা, যা হলিউডের কোনো থ্রিলার সিনেমাকেও হার মানাতে পারে।

আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, বিয়েতে আমন্ত্রিত প্রায় এক হাজার অতিথি, পাশাপাশি অসংখ্য ক্রু সদস্য, স্টাইলিস্ট ও সহকারীদের কঠোর গোপনীয়তা চুক্তি (এনডিএ) স্বাক্ষর করতে হয়েছে। উদ্দেশ্য একটাই—বিয়ের কোনো তথ্য যেন অনুষ্ঠান শেষ হওয়ার আগে বাইরে না যায়।

জানা গেছে, অতিথিদের শুধু আগামী দুই দিন সময় ফাঁকা রাখতে বলা হয়েছিল। কিন্তু কোথায়, কখন বা কীভাবে অনুষ্ঠান হবে—এসব বিষয়ে কোনো তথ্য দেওয়া হয়নি। শেষ মুহূর্ত পর্যন্ত সবাইকে অপেক্ষায় রাখা হয়, যা নিয়ে অসন্তোষও দেখা দিয়েছে আমন্ত্রিতদের একটি অংশের মধ্যে।

দ্য হলিউড রিপোর্টারের এক প্রতিবেদনে নাম প্রকাশে অনিচ্ছুক একটি সূত্র বলেন, ‘টেলর এবং ট্র্যাভিস গোপনীয়তার বিষয়টি একটু বেশিই বাড়িয়ে ফেলছেন। ব্যক্তিগত জীবন রক্ষা করা অবশ্যই স্বাভাবিক। কিন্তু এমন পরিস্থিতিতে মনে হচ্ছে, তারা যাদের আমন্ত্রণ জানিয়েছেন, তাদের কাউকেই পুরোপুরি বিশ্বাস করতে পারছেন না।’

বিশ্বের অন্যতম জনপ্রিয় পপ তারকার বিয়েতে এক হাজার অতিথির উপস্থিতি থাকবে, অথচ পুরো আয়োজন থাকবে ‘টপ সিক্রেট’—এমন বিষয়কে অনেকেই অস্বাভাবিক বলছেন। কেউ কেউ আবার এই অতিরিক্ত গোপনীয়তার তুলনা টেনেছেন ব্রিটিশ রাজপরিবারের প্রিন্স হ্যারি ও মেগান মার্কেলের বহুল আলোচিত ‘ওয়ার্ল্ডওয়াইড প্রাইভেসি ট্যুর’-এর সঙ্গে।

সব জল্পনার অবসান ঘটিয়ে বুধবার রাতে অ্যাসোসিয়েটেড প্রেসকে (এপি) নিউইয়র্কের এক আইনশৃঙ্খলা কর্মকর্তা নিশ্চিত করেছেন, ঐতিহাসিক ম্যাডিসন স্কয়ার গার্ডেনেই বিয়ের আনুষ্ঠানিকতা অনুষ্ঠিত হচ্ছে।

এদিকে পিপল ম্যাগাজিন জানিয়েছে, ম্যাডিসন স্কয়ার গার্ডেনের ভেতরে কোনো কৃত্রিম দুর্গ নির্মাণ করা হয়নি। বরং সবুজ ঘাস, নান্দনিক কার্পেট, সুসজ্জিত শামিয়ানা এবং একটি বিশেষ মঞ্চ তৈরি করে বিয়ের জন্য রাজকীয় পরিবেশ সাজানো হয়েছে। ভেন্যুর ভেতরের এক সূত্রের ভাষ্য, “মঞ্চটি দেখতে সত্যিই অসাধারণ।”

এ ছাড়া নিউইয়র্ক পুলিশ ডিপার্টমেন্টের (এনওয়াইপিডি) একটি অভ্যন্তরীণ মেমো থেকে বিয়ের সময়সূচি ও অনুষ্ঠানসংক্রান্ত কিছু তথ্য প্রকাশ্যে এলেও, গুঞ্জন রয়েছে নিরাপত্তার স্বার্থে আরও একটি বিকল্প গোপন ভেন্যুও প্রস্তুত রাখা হয়েছে।

মার্কিন স্বাধীনতা দিবসের (৪ জুলাই) প্রাক্কালে আয়োজিত এই বিয়ে ইতোমধ্যেই বিশ্বের বিনোদন অঙ্গনে সবচেয়ে আলোচিত ঘটনায় পরিণত হয়েছে। গোপনীয়তা, রাজকীয় আয়োজন এবং তারকাখচিত অতিথি তালিকা—সব মিলিয়ে টেলর সুইফট ও ট্র্যাভিস কেলসির বিয়ে যে পপ সংস্কৃতির ইতিহাসে বিশেষ জায়গা করে নিতে যাচ্ছে, তা বলাই যায়।