Cvoice24.com

কর্ণফুলী নদীর পানি বৃদ্ধি, বন্ধ চন্দ্রঘোনা ফেরি চলাচল

কাপ্তাই প্রতিনিধি, সিভয়েস২৪
১৩:২৩, ১১ জুলাই ২০২৬
কর্ণফুলী নদীর পানি বৃদ্ধি, বন্ধ চন্দ্রঘোনা ফেরি চলাচল

কর্ণফুলী নদীর পানি অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাওয়ায় রাঙামাটির কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা ফেরিঘাটে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। 

শনিবার (১১ জুলাই) সকাল থেকে ফেরি বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন কয়েক হাজার যাত্রী ও যানবাহনের চালক।

টানা কয়েক দিনের ভারী বর্ষণে কর্ণফুলী নদীর পানি বেড়ে যাওয়ায় ফেরিঘাটের পাটাতন পানির নিচে তলিয়ে যায়। ফলে নিরাপত্তার স্বার্থে সব ধরনের ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। এতে নদীর দুই পাড়ে আটকা পড়েছে অসংখ্য ছোট-বড় যানবাহন। বিকল্প ব্যবস্থা না থাকায় অনেক যাত্রী জীবনের ঝুঁকি নিয়ে ছোট ছোট সাম্পানযোগে নদী পারাপার করছেন। এতে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে।

স্থানীয় বাসিন্দারা ক্ষোভ ও আক্ষেপ প্রকাশ করে বলছেন, বছরের পর বছর ধরে তারা এই দুর্ভোগ সহ্য করছেন। এখানে একটি স্থায়ী সেতু থাকলে আজ তাদের এই চরম দুর্ভোগে পড়তে হতো না। বারবার সেতু নির্মাণের আশ্বাস দেওয়া হলেও বছরের পর বছর পেরিয়ে গেলেও তা আজও বাস্তবায়ন হয়নি। এই স্থায়ী দুর্ভোগ থেকে মুক্তি পেতে তারা সরকারের জরুরি হস্তক্ষেপ ও সুদৃষ্টি কামনা করছেন।

রাঙামাটি সড়ক ও জনপদ অধিদপ্তরের সহকারী প্রকৌশলী (যান্ত্রিক) রনেল চাকমা বলেন, নদীতে পানি বৃদ্ধি পেলে ফেরির পাটাতন ডুবে যায়। তখন সাময়িকভাবে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। তবে পানির প্রবাহ কমে গেলে দ্রুত সময়ের মধ্যেই ফেরি পারাপার স্বাভাবিক হবে।