পানি কমতেই ফের চালু চন্দ্রঘোনা-রাইখালী ফেরি
কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি, সিভয়েস২৪
টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে কয়েক ঘণ্টা বন্ধ থাকার পর রাঙামাটির কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা-রাইখালী নৌপথে ফেরি চলাচল আবারও শুরু হয়েছে। এতে কয়েক ঘণ্টার ভোগান্তির পর স্বস্তি ফিরেছে এই নৌপথের যাত্রী ও চালকদের মধ্যে।
শনিবার (১১ জুলাই) বিকেল ৩টা থেকে ফেরি চলাচল স্বাভাবিক হয়।
সড়ক ও জনপদ বিভাগ সূত্রে জানা যায়, গত কয়েক দিনের টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে কর্ণফুলী নদীর পানি অস্বাভাবিকভাবে বেড়ে যায়। এতে ফেরিঘাটের পাঠাতন (র্যাম্প) সম্পূর্ণ পানিতে তলিয়ে যাওয়ায় শনিবার সকাল থেকে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়। পরে পানির প্রবাহ কমে পরিস্থিতি স্বাভাবিক হলে বিকেল ৩টা থেকে পুনরায় ফেরি চলাচল শুরু হয়।
ফেরি চলাচল বন্ধ থাকায় এই নৌপথ ব্যবহারকারী হাজারো মানুষ চরম ভোগান্তিতে পড়েন। নদীর দুই পাড়ে আটকে পড়ে যাত্রীবাহী বাস, ট্রাক, পিকআপ ও ব্যক্তিগত যানবাহন। বিকল্প ব্যবস্থা না থাকায় অনেক যাত্রী জীবনের ঝুঁকি নিয়ে ছোট ছোট সাম্পানে করে নদী পারাপার করেন।
রাঙামাটি সড়ক ও জনপদ বিভাগের সহকারী প্রকৌশলী (যান্ত্রিক) রনেল চাকমা বলেন, ‘নদীর পানি বেড়ে গেলে ফেরিঘাটের পাঠাতন ডুবে যায়। তখন নিরাপত্তার স্বার্থে সাময়িকভাবে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। পানি কমে যাওয়ায় বিকেল থেকে আবারও ফেরি চলাচল স্বাভাবিক করা হয়েছে।’
পাহাড় সব খবর















