Cvoice24.com

দুর্গত মানুষের পাশে সরকার থাকবে: ত্রাণ প্রতিমন্ত্রী

রামগড় (খাগড়াছড়ি) প্রতিনিধি, সিভয়েস২৪
১৯:০৫, ১১ জুলাই ২০২৬
দুর্গত মানুষের পাশে সরকার থাকবে: ত্রাণ প্রতিমন্ত্রী

দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের উদ্ধার, ত্রাণ বিতরণ ও পুনর্বাসনে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এম. ইকবাল হোসেইন। তিনি বলেন, দুর্গত মানুষের কাছে ত্রাণ ও সহায়তা পৌঁছে দিতে কোনো ধরনের ঘাটতি রাখা হচ্ছে না।

শনিবার (১১ জুলাই) বিকেলে খাগড়াছড়ি পৌরসভা ও সদর উপজেলার বিভিন্ন বন্যাকবলিত এলাকা পরিদর্শন এবং দুর্গত মানুষের মধ্যে ত্রাণ বিতরণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, ‘সরকার অত্যন্ত গুরুত্বের সঙ্গে দুর্যোগ পরিস্থিতি মোকাবিলা করছে। দুর্গত মানুষকে উদ্ধারে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। বেসামরিক প্রশাসনের সঙ্গে সমন্বয় করে সেনাবাহিনী কাজ করছে। যারা আশ্রয়কেন্দ্রে যেতে পারেননি, তাদের কাছেও ত্রাণসহ প্রয়োজনীয় সহায়তা পৌঁছে দেওয়া হচ্ছে।’

তিনি আরও বলেন, টানা বর্ষণ ও বন্যায় ক্ষতিগ্রস্ত বৃহত্তর চট্টগ্রামের পাঁচটি জেলা পরিদর্শন করে সরকার মাঠপর্যায়ে ক্ষয়ক্ষতি ও মানুষের দুর্ভোগের চিত্র পর্যবেক্ষণ করছে। দুর্গত মানুষের প্রয়োজন অনুযায়ী সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

এ সময় খাগড়াছড়ির জেলা প্রশাসক আনোয়ার সাদাত, পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরাসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং স্থানীয় বিএনপির নেতারা উপস্থিত ছিলেন।