Cvoice24.com

টইটুম্বুর কাপ্তাই হ্রদ, বিদ্যুৎ উৎপাদন ছুঁলো ২০২ মেগাওয়াট

কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি
১৮:৪৮, ১২ জুলাই ২০২৬
টইটুম্বুর কাপ্তাই হ্রদ, বিদ্যুৎ উৎপাদন ছুঁলো ২০২ মেগাওয়াট

টানা বর্ষণে প্রাণ ফিরে পেয়েছে রাঙামাটির কাপ্তাই হ্রদ। হ্রদের এই উপচে পড়া পানিকে কাজে লাগিয়ে কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রে শুরু হয়েছে রেকর্ড বিদ্যুৎ উৎপাদন, যা সরাসরি যুক্ত হচ্ছে জাতীয় গ্রিডে। সাম্প্রতিক সময়ের ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে হ্রদের পানির স্তর দ্রুত বাড়ছে।

কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রের তথ্য অনুযায়ী, এই কৃত্রিম হ্রদে বর্তমানে পানির পরিমাণ দাঁড়িয়েছে ৯৭ ফুট এমএসএল, যেখানে হ্রদটির সর্বোচ্চ ধারণক্ষমতা ১০৯ ফুট এমএসএল। অর্থাৎ পানি সংরক্ষণের জন্য এখনো পর্যাপ্ত সুযোগ রয়েছে হ্রদে। পানির স্তর বৃদ্ধির সঙ্গে সঙ্গে বেড়েছে বিদ্যুৎ উৎপাদনও—কেন্দ্রটির উৎপাদন এখন পৌঁছেছে ২০২ মেগাওয়াটে, যদিও এর সর্বোচ্চ উৎপাদন ক্ষমতা ২৩০ থেকে ২৪০ মেগাওয়াট।

বিষয়টির সত্যতা নিশ্চিত করে কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রের সহকারী প্রকৌশলী মো. তারেক আহমেদ জানান, টানা বর্ষণে হ্রদের পানি বৃদ্ধি পাওয়ায় গত ২৪ ঘণ্টায় কেন্দ্রটিতে ২০২ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হয়েছে, যা সরাসরি জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে। তিনি জানান, হ্রদে পানির পরিমাণ আরও বাড়লে উৎপাদনও বাড়বে।

পরিবেশবান্ধব ও সাশ্রয়ী এই জলবিদ্যুৎ দেশের চলমান বিদ্যুৎ সংকট মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে জানানো হয়েছে। প্রকৃতির এই আশীর্বাদ যেমন কাপ্তাই হ্রদকে করে তুলেছে রূপবতী, তেমনি দেশের অর্থনীতি ও বিদ্যুৎ খাতেও জোগাচ্ছে নতুন গতি।