Cvoice24.com

কাপ্তাইয়ে প্রাথমিক বৃত্তিতে ৭৬ শিক্ষার্থীর সাফল্য, ট্যালেন্টপুলে ১৭

কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি, সিভয়েস২৪
১৩:৪৩, ১৩ জুলাই ২০২৬
কাপ্তাইয়ে প্রাথমিক বৃত্তিতে ৭৬ শিক্ষার্থীর সাফল্য, ট্যালেন্টপুলে ১৭

রাঙামাটির কাপ্তাই উপজেলায় প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২৫-এর ফলাফলে সরকারি ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান মিলিয়ে মোট ৭৬ জন শিক্ষার্থী বৃত্তি অর্জন করেছে। এর মধ্যে ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে ১৭ জন এবং সাধারণ বৃত্তি অর্জন করেছে ৫৯ জন।

সোমবার (১৩ জুলাই) কাপ্তাই উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস এ তথ্য নিশ্চিত করেছে।

উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের তথ্য অনুযায়ী, ট্যালেন্টপুলে বৃত্তিপ্রাপ্ত ১৭ শিক্ষার্থীর মধ্যে সরকারি বিদ্যালয় থেকে ১৩ জন এবং বেসরকারি বিদ্যালয় থেকে ৪ জন রয়েছে। অন্যদিকে সাধারণ বৃত্তিপ্রাপ্ত ৫৯ জনের মধ্যে সরকারি বিদ্যালয়ের ৫২ জন এবং বেসরকারি বিদ্যালয়ের ৭ জন শিক্ষার্থী।

ফলাফল প্রকাশের পর সন্তোষ প্রকাশ করেছেন কাপ্তাই বড়ইছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জগদীশ চন্দ্র দাশ। তিনি বলেন, ২০২৫ সালের বৃত্তি পরীক্ষা ২০২৬ সালের শুরুতে অনুষ্ঠিত হলেও দ্রুত ফলাফল প্রকাশ করায় প্রাথমিক শিক্ষা বিভাগের প্রতি তিনি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। একই সঙ্গে বৃত্তিপ্রাপ্ত সব শিক্ষার্থীকে অভিনন্দন জানান তিনি।

এদিকে কাপ্তাই বড়ইছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ২ জন শিক্ষার্থী ট্যালেন্টপুলে এবং ৪ জন সাধারণ বৃত্তি অর্জন করেছে। এ সাফল্যে বিদ্যালয়ের সভাপতি মো. একরাম হোসেন ও সহ-সভাপতি মো. নুরুল আবসার বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী, শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবকদের অভিনন্দন জানিয়েছেন।

তারা বলেন, শিক্ষার্থীদের অধ্যবসায়, শিক্ষক-শিক্ষিকাদের নিরলস পরিশ্রম এবং অভিভাবকদের আন্তরিক সহযোগিতার ফলেই এই সাফল্য অর্জিত হয়েছে। ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।