Cvoice24.com

কাপ্তাইয়ে খোলা সেফটিক ট্যাংকে পড়ে প্রাণ গেল ৫ বছরের তুলসীর

কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি, সিভয়েস২৪
১৫:১৮, ১৩ জুলাই ২০২৬
কাপ্তাইয়ে খোলা সেফটিক ট্যাংকে পড়ে প্রাণ গেল ৫ বছরের তুলসীর

রাঙামাটির কাপ্তাই উপজেলার ওয়াগ্গা ইউনিয়নের শীলছড়ি এলাকায় খোলা সেফটিক ট্যাংকে পড়ে নন্দী মল্লিক তুলসী নামে পাঁচ বছর বয়সী এক কন্যাশিশুর মৃত্যু হয়েছে।  সোমবার (১৩ জুলাই) দুপুর ২টার দিকে শীলছড়ি এলাকার একটি বসতবাড়িতে এ দুর্ঘটনা ঘটে।

নিহত তুলসী ওই এলাকার সুজন মল্লিকের মেয়ে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ওয়াগ্গা ইউনিয়ন পরিষদের সদস্য সরোয়ার হোসেন জানান, যে বাড়ির সেফটিক ট্যাংকে শিশুটি পড়ে যায়, সেটির ঢাকনা খোলা ছিল। অসাবধানতাবশত সেখানে পড়ে গেলে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যান। তবে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে কাপ্তাই থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মাহমুদুল হাসান রুবেল বলেন, ‘ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। পুলিশ বিষয়টি তদন্ত করছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’