সাবেক মন্ত্রী দীপু মনির স্বামী মারা গেছেন
সিভয়েস২৪ ডেস্ক
সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেত্রী দীপু মনির স্বামী তৌফীক নাওয়াজ মারা গেছেন। মঙ্গলবার (১৮ আগস্ট) রাতে ঢাকার কন্টিনেন্টাল হাসপাতালে (সাবেক ইউনাইটেড) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তার বয়স হয়েছিল ৭৬ বছর।
দীপু মনির বড় ভাই জে আর ওয়াদুদ টিপু জানান, রাত ১০টা ২৭ মিনিটে তৌফীক নাওয়াজের মৃত্যু হয়। তিনি দীর্ঘদিন ধরে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
তৌফীক নাওয়াজের চিকিৎসা ও দেখভালের দায়িত্বে থাকা আপেল খকশি জানান, সোমবার শারীরিক অবস্থার অবনতি হলে তৌফীক নাওয়াজকে হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার রাতে তার মৃত্যু হয়।
জুলাই অভ্যুত্থানের সময়কার একাধিক মামলায় আসামি হয়ে বর্তমানে মুন্সিগঞ্জ জেলা কারাগারে বন্দী আছেন দীপু মনি। গত ২৬ এপ্রিল স্বজনেরা হুইলচেয়ারে করে তৌফীক নাওয়াজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নিয়ে যান। সেখানে তিনি কারাগারে থাকা স্ত্রী দীপু মনির সঙ্গে দেখা করেন।
এর আগে, তৌফীক নাওয়াজের অসুস্থতার কথা উল্লেখ করে গত ২৭ মে দীপু মনিকে সাত দিনের জন্য প্যারোলে মুক্তি দেওয়ার আবেদন করেছিলেন তাদের মেয়ে তানি দীপাবলী নাওয়াজ। মুন্সিগঞ্জ জেলা প্রশাসকের কাছে করা ওই আবেদনে সাড়া মেলেনি।
তৌফীক নাওয়াজের মৃত্যুর পর দীপু মনিকে প্যারোলে মুক্তির জন্য আবার আবেদন করা হবে বলে জানিয়েছেন তার আইনজীবী গাজী ফয়সাল ইসলাম।
পেশায় সুপ্রিম কোর্টের আইনজীবী তৌফীক নাওয়াজ ধ্রুপদি সংগীতেরও চর্চা করতেন। ২০১৯ সালে তিনি স্ট্রোকে আক্রান্ত হন। এরপর থেকে কিডনি ও লিভারের বিভিন্ন সমস্যাসহ শারীরিক নানা জটিলতায় ভুগছিলেন তিনি।
রাজনীতি সব খবর















