সাবেক প্রতিমন্ত্রী সতীশ চন্দ্র রায় আর নেই
সিভয়েস২৪ ডেস্ক
দিনাজপুর-২ (বিরল-বোচাগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য ও প্রতিমন্ত্রী সতীশ চন্দ্র রায় মারা গেছেন। মঙ্গলবার (১৮ আগস্ট) রাতে দিনাজপুরের বিরল উপজেলার মঙ্গলপুর ইউনিয়নের মোস্তফাবাদ গ্রামের নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে তার মৃত্যু হয়। তার বয়স হয়েছিল ৯৫ বছর।
সতীশ চন্দ্র রায়ের বড় ছেলে অরবিন্দ রায় তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, তার বাবা দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন ছেলে, দুই মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
সতীশ চন্দ্র রায় ছিলেন মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বর্ষীয়ান রাজনীতিবিদ। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি দলটির প্রেসিডিয়াম সদস্য ও উপদেষ্টা পরিষদের সদস্যসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।
১৯৭৯ সালের জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে তৎকালীন দিনাজপুর-৭ আসন থেকে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। এরপর ১৯৮৬ সালের তৃতীয়, ১৯৯১ সালের পঞ্চম এবং ১৯৯৬ সালের ১২ জুন অনুষ্ঠিত সপ্তম জাতীয় সংসদ নির্বাচনেও আওয়ামী লীগের প্রার্থী হিসেবে দিনাজপুর-২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।
সতীশ চন্দ্র রায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের প্রথম মন্ত্রিসভায় মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন। পরে তিনি প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রীর দায়িত্বও পালন করেন।
রাজনীতিতে সক্রিয় হওয়ার আগে সতীশ চন্দ্র রায় শিক্ষকতা করতেন। তিনি বিরল উপজেলার মোহনা মঙ্গলপুর উচ্চবিদ্যালয়ে শিক্ষক হিসেবে কর্মজীবন শুরু করেন।
পারিবারিক সূত্র জানিয়েছে, বুধবার (১৯ আগস্ট) দুপুর ১২টায় বিরল উপজেলার মোস্তফাবাদ এলাকার পারিবারিক শ্মশানে তার শেষকৃত্যানুষ্ঠান সম্পন্ন হওয়ার কথা রয়েছে।
রাজনীতি সব খবর















