Cvoice24.com

শাপলা চত্বর থেকে লালদীঘি লং মার্চ জামায়াতে

সিভয়েস২৪ ডেস্ক
১৭:০৪, ২৫ আগস্ট ২০২৬
শাপলা চত্বর থেকে লালদীঘি লং মার্চ জামায়াতে

ঢাকার শাপলা চত্বর থেকে চট্টগ্রামের লালদীঘি ময়দান অভিমুখে লং মার্চ শুরু করবে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য। এ কর্মসূচিতে এক হাজারের বেশি গাড়ি যুক্ত হওয়ার কথা জানিয়েছেন দলটির সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার।

মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক ব্রিফিংয়ে তিনি এ কর্মসূচির বিস্তারিত তুলে ধরেন।

মিয়া গোলাম পরওয়ার বলেন, আগামী ৫ সেপ্টেম্বর সকাল ৭টায় ঐতিহাসিক শাপলা চত্বরে সমবেত হয়ে সেখান থেকে চট্টগ্রামের লালদীঘির ঐতিহাসিক ময়দানের উদ্দেশে যাত্রা শুরু করা হবে। পথে অন্তত ছয় থেকে সাতটি স্থানে পথসভা করবেন দলের নেতারা। এসব পথসভায় শীর্ষ নেতারাও অংশ নেবেন।

তিনি বলেন, গণতান্ত্রিক সংগ্রামে সরকারের নিয়মতান্ত্রিক সমালোচনা এবং জনগণের গণরায় প্রতিষ্ঠার লক্ষ্যে ১১ দলীয় ঐক্যের ধারাবাহিক কর্মসূচি চলবে। শাপলা চত্বর থেকে চট্টগ্রাম পর্যন্ত মহাসড়কের দুই পাশের জেলা, থানা, উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ড ও গ্রামের মানুষের সহযোগিতা ও দোয়া চাওয়া হচ্ছে।

লং মার্চের প্রস্তুতি নিয়ে ঢাকার কেন্দ্রীয় কার্যালয়ে নয়টি জেলা ও মহানগর শাখার নেতাদের সঙ্গে বৈঠক চলছে জানিয়ে মিয়া গোলাম পরওয়ার বলেন, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, কুমিল্লা, ফেনীসহ চট্টগ্রাম মহানগর ও জেলার সংশ্লিষ্ট নয়টি শাখাকে প্রস্তুতির সঙ্গে যুক্ত করা হয়েছে। এসব শাখার আমির ও নেতৃবৃন্দের পাশাপাশি ইসলামী ছাত্রশিবির ও শ্রমিক নেতারাও প্রস্তুতি সভায় অংশ নিচ্ছেন।

মিয়া গোলাম পরওয়ার আরো বলেন, লং মার্চের কাফেলায় এক হাজারের বেশি গাড়ি থাকবে। পথে পথে আরও হাজার হাজার গাড়ি এতে যুক্ত হতে পারে। স্বতঃস্ফূর্তভাবে সাধারণ মানুষও এই কর্মসূচিতে যোগ দেবেন বলে আশা প্রকাশ করেন তিনি।

জামায়াতের এই নেতা বলেন, জনগণের বৈধ ও ন্যায্য দাবি আদায়ের নিয়মতান্ত্রিক কর্মসূচির অংশ হিসেবে লং মার্চ আয়োজন করা হচ্ছে। এটি সম্পূর্ণ শান্তিপূর্ণ ও নিয়মতান্ত্রিক হবে। কোনো ধরনের উসকানিমূলক কর্মকাণ্ড করা হবে না।

তিনি বিএনপি, সরকারি দলসহ অন্যান্য রাজনৈতিক দলের সহযোগিতাও কামনা করেন। তার ভাষ্য, জনগণের দুর্ভোগ কমানো, গণদাবি আদায় এবং গণভোটের গণরায় বাস্তবায়ন মানুষের গণআকাঙ্ক্ষার সঙ্গে সম্পর্কিত। এসব দাবিতে ১১ দলের বাইরে থাকা রাজনৈতিক দলগুলোরও সহযোগিতা ও দোয়া প্রত্যাশা করেন তারা।

লং মার্চের কারণে সাধারণ মানুষের ভোগান্তি কমাতে ব্যবস্থা নেওয়ার কথা জানান মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের যেখানে ডাবল রোড রয়েছে, সেখানে একটি সড়ক দিয়ে লং মার্চ পরিচালনা করে অন্যটি সাধারণ যানবাহনের জন্য খোলা রাখার চেষ্টা করা হবে।

তবে হাজার হাজার গাড়ির বহর চলাচল এবং বিভিন্ন স্থানে যাত্রাবিরতি ও পথসভার কারণে সাময়িক যানজট হতে পারে বলেও স্বীকার করেন তিনি।

এ জন্য আগাম দুঃখ প্রকাশ করে মিয়া গোলাম পরওয়ার বলেন, শাপলা চত্বর থেকে লালদীঘি পর্যন্ত সড়কের দুই পাশের মানুষ, যানবাহনচালক, দোকানদার, ফেরিওয়ালা, রিকশাচালক ও দিনমজুরসহ যাঁদের সাময়িক কষ্ট বা ভোগান্তিতে পড়তে হতে পারে, তাঁদের কাছে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে আগাম ক্ষমা চাওয়া হচ্ছে।

মিয়া গোলাম পরওয়ার বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর নির্বাচিত সরকারের বিরোধী দল হিসেবে ১১ দলের ঐক্যের এটি সবচেয়ে বড় রাজনৈতিক কর্মসূচি।

ব্রিফিংয়ে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ, ঢাকা মহানগরী দক্ষিণের আমির ও সংসদ সদস্য নুরুল ইসলাম বুলবুলসহ দলের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।