Cvoice24.com

জামিন নামঞ্জুর, কারাগারে বিদিশা

সিভয়েস২৪ ডেস্ক
১৮:৫৬, ২৬ আগস্ট ২০২৬
জামিন নামঞ্জুর, কারাগারে বিদিশা

রাজধানীর বারিধারায় ফ্ল্যাট বিক্রির নামে অর্থ আত্মসাৎ ও প্রতারণার মামলায় দুই বছরের দণ্ডপ্রাপ্ত সাবেক রাষ্ট্রপতি প্রয়াত হুসেইন মুহম্মদ এরশাদের সাবেক স্ত্রী বিদিশা সিদ্দিককে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

বুধবার (২৬ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম জুনায়েদ তর জামিন আবেদন নামঞ্জুর করে এ আদেশ দেন।

এর আগে গত ২০ মে বিদিশার অনুপস্থিতিতে মামলাটির রায় ঘোষণা করেন আদালত। রায়ে প্রতারণার দায়ে তাকে দুই বছরের কারাদণ্ডের পাশাপাশি ১০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। রায়ের সময় তিনি অনুপস্থিত থাকায় তার বিরুদ্ধে সাজা পরোয়ানাসহ গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছিল।

ওই পরোয়ানার ভিত্তিতে মঙ্গলবার রাতে গুলশানের একটি রেস্তোরাঁ থেকে বিদিশাকে গ্রেপ্তার করে গুলশান থানা-পুলিশ।

বুধবার বেলা ১১টার দিকে পুলিশ তাঁকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করে। শুনানিতে বিদিশার আইনজীবী আতিকুর রহমান উচ্চ আদালতে আপিলের শর্তে বিশেষ বিবেচনায় জামিনের আবেদন করেন।

অন্যদিকে জামিনের বিরোধিতা করেন বাদীপক্ষের আইনজীবী হেমায়েত উদ্দিন খান এবং রাষ্ট্রপক্ষের সহকারী পাবলিক প্রসিকিউটর সৈয়দ গোলাম মর্তুজা ইবনে ইসলাম। উভয় পক্ষের বক্তব্য শুনে আদালত জামিন আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

মামলার নথি অনুযায়ী, বারিধারার প্রেসিডেন্ট পার্কের একটি ফ্ল্যাট বিক্রির নামে প্রতারণার অভিযোগে ২০০৮ সালে গুলশান থানায় মামলাটি করেন ব্যবসায়ী মোশাররফ হোসেন সিকদার।

মামলায় অভিযোগ করা হয়, ২০০১ সালে ফ্ল্যাটটি বিক্রির কথা বলে বিদিশা বাদীর কাছ থেকে ৭৫ লাখ টাকা নেন। পরে চুক্তি অনুযায়ী ফ্ল্যাট হস্তান্তর না করে সময়ক্ষেপণ করতে থাকেন। একপর্যায়ে টাকা ফেরত দেওয়ার জন্য ২০০৫ সালে ৭২ লাখ টাকার একটি চেক দেন। তবে হিসাবে পর্যাপ্ত অর্থ না থাকায় চেকটি বাউন্স হয়।

মামলায় আরও অভিযোগ করা হয়, বিদিশা ফ্ল্যাট বা টাকা ফেরত না দিয়ে বাদীকে সন্ত্রাসী বাহিনী দিয়ে প্রাণনাশের হুমকি দেন।