ইয়ুথ ভয়েস অব বাংলাদেশ চট্টগ্রাম সিটির নতুন ওয়ার্কিং কমিটি
সিভয়েস২৪ ডেস্ক
বাংলাদেশের অন্যতম যুব নেতৃত্বভিত্তিক সংগঠন ইয়ুথ ভয়েস অব বাংলাদেশ'র (ওয়াইভিবি) চট্টগ্রাম সিটি ওয়ার্কিং কমিটি ২০২৫ গঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৯ মে) এই কমিটি গঠন করা হয় বলে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
কমিটিতে ৪২টি বিশ্ববিদ্যালয় ও কলেজ থেকে বাছাইকৃত মোট ১৩৭ জন তরুণ-তরুণী অন্তর্ভুক্ত হয়েছেন, যাদের বয়স ১৬ থেকে ৫০ বছরের মধ্যে।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১৩৭ জন সদস্য অনলাইনে আবেদন ও নিবন্ধনের মাধ্যমে চট্টগ্রাম সিটি ওয়ার্কিং কমিটির সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন, যা গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে সংগঠনের বিস্তার ও স্বচ্ছতার প্রতীক। এই নতুন কমিটির অনুমোদন স্বাক্ষর করেন সংগঠনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ব্যারিস্টার তারেক আকবর খোন্দকার, যা সংগঠনের দায়িত্বশীল নেতৃত্ব ও সাংগঠনিক শৃঙ্খলার প্রতিফলন।
২০২৫ সালের ঈদুল আজহার পরে অনুষ্ঠিত হবে ‘চট্টগ্রাম সিটি জেনারেল কাউন্সিল ২০২৫’, যেখানে নতুন সদস্যরা একত্রিত হয়ে নিজেদের পরিচয় বিনিময় করবেন, মতবিনিময়ে অংশ নেবেন এবং আগামীর কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করবেন।
এই জেনারেল কাউন্সিলের পরপরই ঢাকার জন্য একটি নতুন তরুণ-নেতৃত্বাধীন ওয়ার্কিং কমিটি গঠনের উদ্যোগ নেওয়া হবে, যা জাতীয় পর্যায়ে সংগঠনের কাঠামোকে আরও বিস্তৃত ও সংগঠিত করবে।
ইয়ুথ ভয়েস অব বাংলাদেশ (ওয়াইভিবি) এর যাত্রা শুরু হয় ২০১৩ সালের ২১ ফেব্রুয়ারী, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদ্যাপনের মাধ্যমে। একই দিনে সংগঠনটি ঢাকা, চট্টগ্রাম এবং লন্ডনের আলতাব আলী পার্কে একযোগে বর্ণাঢ্য র্র্যালির আয়োজন করে, যা বাংলাদেশ ও প্রবাসে তরুণদের ঐক্য, ভাষা সচেতনতা ও মানবিক মূল্যবোধের প্রতিফলন হিসেবে ইতিহাসে স্থান করে নেয়।
২০১৩ সালে প্রতিষ্ঠার পর থেকে ইয়ুথ ভয়েস অব বাংলাদেশ (ওয়াইভিবি) দেশে ও বিদেশে—লন্ডন, ঢাকা, চট্টগ্রাম ও কক্সবাজারে-২৫০টিরও বেশি তরুণ-উন্নয়নমূলক কার্যক্রম সফলভাবে সম্পন্ন করেছে| এটি অতি স্বল্প সময়ের মধ্যে একটি যুব নেতৃত্বভিত্তিক সংগঠনের জন্য উল্লেখযোগ্য সাফল্য হিসেবে বিবেচিত।
নবগঠিত ২০২৫ সালের এই কমিটির মাধ্যমে ওয়াইভিবি চট্টগ্রাম আরও সুসংগঠিত, উদ্ভাবনী ও কর্মমুখী উদ্যোগ নিয়ে এগিয়ে যাবে-বাংলাদেশের তরুণ সমাজের ইতিবাচক পরিবর্তনের অগ্রদূত হিসেবে।
প্রেস রিলিজ সব খবর















