Cvoice24.com

শেলটেক এমডির বিশেষ স্বীকৃতি অর্জন

সিভয়েস২৪ ডেস্ক
১৬:৩৬, ২ আগস্ট ২০২৫
শেলটেক এমডির বিশেষ স্বীকৃতি অর্জন

ন্যাশনাল ডিফেন্স কলেজ (এনডিসি) আয়োজিত ক্যাপস্টোন কোর্স ২০২৫/২ সম্পন্ন করেছেন শেলটেক গ্রুপ, এনভয় লিগ্যাসি, এনভয় ও গ্রিন টেক্সটাইল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তানভীর আহমেদ। গত ১৩ থেকে ৩১ জুলাই পর্যন্ত রাজধানীর মিরপুর সেনানিবাসে অবস্থিত এনডিসিতে এই তিন সপ্তাহব্যাপী কোর্সটি অনুষ্ঠিত হয়। 

দেশের শীর্ষস্থানীয় এই স্ট্র্যাটেজিক লিডারশিপ প্রোগ্রামটি জাতীয় নিরাপত্তা, কৌশলগত চিন্তাভাবনা এবং বহুপাক্ষিক সহযোগিতা সম্পর্কে জ্যেষ্ঠ নেতৃবৃন্দের অন্তর্দৃষ্টি প্রসারের উদ্দেশ্যে পরিচালিত হয়ে থাকে। 

কোর্সটিতে অংশ নেন সামরিক বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, নীতিনির্ধারক, কূটনীতিক, শিক্ষাবিদ, কর্পোরেট নির্বাহী, গণমাধ্যম ব্যক্তিত্ব, আইনজ্ঞ ও ব্যবসায়ী সমাজের প্রতিনিধিরা। অংশগ্রহণকারীরা বিভিন্ন কেস স্টাডি, সিমুলেশন ও যৌথ বিশ্লেষণের মাধ্যমে জাতীয় ও বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলার কৌশল নিয়ে কাজ করেন।

বৃহস্পতিবার (৩১ জুলাই) কোর্সের সনদ প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। বিশেষ অতিথি ছিলেন এনডিসির কমান্ড্যান্ট লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ শাহীনুল হক। 

অংশগ্রহণকারীদের অভিনন্দন জানিয়ে বক্তারা বলেন, পরিবর্তনশীল ভূ-রাজনীতি, জলবায়ু দুর্যোগ ও উদীয়মান জাতীয় চ্যালেঞ্জ মোকাবেলায় অন্তর্ভুক্তিমূলক ও সংস্কারমুখী নেতৃত্ব গড়ে তোলার ক্ষেত্রে এই কোর্স গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। 

তারা আরো বলেন, স্বনামধন্য বেসরকারি খাতের একজন সফল উদ্যোক্তা হিসেবে জনাব তানভীর আহমেদের এ অংশগ্রহণ তাঁর দূরদর্শী কৌশলগত দৃষ্টিভঙ্গি এবং বাংলাদেশের জাতীয় উন্নয়নের প্রতি তাঁর প্রতিশ্রুতিকে দৃঢ়ভাবে তুলে ধরে।
 

প্রেস রিলিজ সব খবর