ডাক্তার-নার্সদের রুমগুলো রাজনৈতিক অফিসে পরিণত করা যাবে না : স্বাস্থ্য উপদেষ্টা
সিভয়েস২৪ ডেস্ক
পাবলিক হেলথ সেন্টারগুলোকে রাজনৈতিক প্রভাব থেকে মুক্ত রেখে জনগণের সর্বোচ্চ ও গুণগত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে চিকিৎসকদের মনোনিবেশ করার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগম।
শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুরে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে হাসপাতালের চলমান উন্নয়ন কর্মকাণ্ড ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ তসলিম উদ্দিন।
নুরজাহান বেগম বলেন, ‘হাসপাতালে ডাক্তার ও নার্সদের বসার রুমগুলো কোনো রাজনৈতিক দলের অফিসে পরিণত করা যাবে না। এটি চিকিৎসার জায়গা, সমস্যা সমাধানের জায়গা। সরকার থেকে বেতন নিয়ে দায়িত্ব পালনই চিকিৎসকদের মূল কাজ।’
তিনি আরও বলেন, ‘অনেক চিকিৎসক পোস্টিং পাওয়ার পর কর্মক্ষেত্রে ফুল টাইম উপস্থিত থাকেন না, যা সমস্যা সৃষ্টি করে; এবার বদলি ও প্রমোশন পোস্টিং অটোমেশনে হবে, বৈষম্য থাকবে না।’
সভায় চমেক হাসপাতাল সংলগ্ন বার্ন ইউনিট ও শাহানশাহ হজরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী ট্রাস্টের অর্থায়নে হৃদরোগ বিভাগের আধুনিকায়ন প্রকল্পের প্রেজেন্টেশন দেওয়া হয়।
স্বাস্থ্য উপদেষ্টা জানান, দেশে ডায়বেটিস, প্রেসার, স্ট্রোকসহ নানা রোগে প্রতিকারমূলক ব্যবস্থা নেই। পরিবার পরিকল্পনায় উন্নতি সত্ত্বেও শিশু ও মাতৃমৃত্যুর হার বেড়েছে। প্রজননস্বাস্থ্য উন্নয়নে মাদক ও বাল্যবিয়ে রোধ জরুরি। মাকে হাসপাতালে আনা নিশ্চিত করতে পারলে মাতৃ ও শিশুমৃত্যু অনেকটা কমবে এবং শিশুর জন্ম হাসপাতালের মাধ্যমে নিশ্চিত করা হবে।
মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডা. ওমর ফারুখ ইউসুফ, চমেক হাসপাতালের নিউরোলজি বিভাগের প্রধান অধ্যাপক ডা. মো. হাসানুজ্জামান, কার্ডিওলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. তারেক নুরুদ্দিন, বার্ন ও প্লাস্টিক ইউনিটের সহযোগী অধ্যাপক ডা. রফিক উদ্দিন আহমেদ এবং শাহানশাহ হজরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী ট্রাস্টের সচিব অধ্যাপক এ ওয়াই এমডি জাফর।
স্বাস্থ্য সব খবর















