‘তিন বছরের মধ্যে বিদায় নেবেন ট্রাম্প’
আন্তর্জাতিক ডেস্ক
দ্বিতীয়বার মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা গ্রহণ করার পর বিশ্ব রাজনীতিতে উত্তেজনা তৈরি হয়েছে। তিনি কখনো শত্রু দেশ বা নেতাকে কাছে টেনে নিয়েছেন, আবার কখনো কাছের নেতা বা মিত্র দেশকে দূরে ঠেলে দিয়েছেন। ট্রাম্প বারবার উল্লেখ করেছেন যে প্রতিবেশী দেশ কানাডা যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়া উচিত, এছাড়া মিত্র ইউরোপের দেশগুলোকেও ছাড় দেননি।
বর্তমানে শুল্ক নীতি, গ্রিনল্যান্ডসহ বিভিন্ন বিষয় নিয়ে ইউরোপের সঙ্গে যুক্তরাষ্ট্রের টানাপোড়েন চলছে। তবে এই পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের শীর্ষ ডেমোক্র্যাটরা ইউরোপীয় নেতাদের আশ্বস্ত করার চেষ্টা করছেন।
ডেমোক্র্যাটরা বলছেন, ট্রাম্প তিন বছরের মধ্যে ক্ষমতা থেকে বিদায় নেবেন। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) জার্মানির মিউনিখে অনুষ্ঠিত নিরাপত্তা সম্মেলনে অংশ নিয়ে ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসম ইউরোপীয় নেতাদের ট্রাম্পবিহীন ভবিষ্যতের দিকে নজর দেওয়ার আহ্বান জানান।
বিবিসি জানায়, সম্মেলনে মার্কো রুবিও ও রিপাবলিকানরা উপস্থিত ছিলেন। ডেমোক্র্যাটদের মধ্যে নিউসম এবং অ্যালেক্সান্দ্রিয়া ওকাসিও-কর্টেজ অংশ নেন।
সম্মেলনে মার্কো রুবিও ইউরোপীয় মিত্রদেশগুলোর উদ্বেগ দূর করার চেষ্টা করলেও, অনেকের মতে ট্রাম্পের আমলে সম্পর্কের ফাটল ভেঙে পড়বে না। ডেমোক্র্যাট নেতারা তাদের ভবিষ্যৎ পররাষ্ট্রনীতির পরিকল্পনা তুলে ধরে ইউরোপীয়দের আশ্বস্ত করতে চেয়েছেন।
জলবায়ু পরিবর্তন বিষয়ে বক্তব্য রাখার সময় নিউসম বলেন, ‘ট্রাম্প সাময়িক সময়ের জন্য আছেন। তিন বছরের মধ্যে তিনি চলে যাবেন।’ তবে ট্রাম্পের পতনের প্রকৃতি সম্পর্কে তিনি বিস্তারিত কিছু বলেননি।
মিউনিখের এই সম্মেলনে অংশ নেওয়া প্রায় অর্ধডজন ডেমোক্র্যাটদের অধিকাংশই ইউরোপের সঙ্গে যুক্তরাষ্ট্রের শক্তিশালী অংশীদারিত্ব বজায় রাখার ওপর জোর দিয়েছেন।
অন্যদেশ সব খবর














