চকরিয়ায় পাহাড়ধসে ২ শিশু নিহত
উখিয়া-টেকনাফ প্রতিনিধি, সিভয়েস২৪
কক্সবাজারের চকরিয়ায় পাহাড়ধসে মাটিচাপা পড়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। বসতঘরের ওপর পাহাড় ধসে পড়লে ঘুমন্ত অবস্থায় তারা মাটির নিচে চাপা পড়ে। এ সময় পরিবারের অন্য সদস্যরা জেগে ওঠেন। পরে স্থানীয়দের সহায়তায় মাটি সরিয়ে দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার (৯ জুলাই) ভোররাতে উপজেলার বরইতলী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মোহছেনিয়া কাটা পাহাড়ি গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত দুই শিশুর একজন রুমি আক্তার (১৫)। সে মোহছেনিয়া কাটা গ্রামের মোহাম্মদ কাজলের মেয়ে এবং বরইতলী দাখিল মাদরাসার দশম শ্রেণির শিক্ষার্থী। অপরজন মোহাম্মদ তৌসিফ (১০)। সে আবদুল মজিদের ছেলে এবং স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী। নিহত দুজন সম্পর্কে চাচাতো-জেঠাতো ভাইবোন।
বরইতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ছালেকুজ্জামান বলেন, ‘একদিকে ভয়াবহ বন্যা, অন্যদিকে পাহাড়ধসের ঘটনায় মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। গত দু’দিন ধরে গ্রামের পর গ্রাম পানিতে তলিয়ে আছে। এরই মধ্যে পাহাড়ধসে দুই শিশুর অকালে মৃত্যু অত্যন্ত বেদনাদায়ক।’
কক্সবাজার সব খবর















