টেকনাফ থেকে তেঁতুলিয়া পদযাত্রায় তরুণ শিক্ষক
উখিয়া-টেকনাফ প্রতিনিধি, সিভয়েস২৪
‘কালো ধোঁয়া নয়, হাঁটাতেই দূরত্ব জয়’ স্লোগান নিয়ে কক্সবাজারের টেকনাফ থেকে প্রায় ১ হাজার ২০ কিলোমিটার পথ তেঁতুলিয়ার উদ্দেশে ২০ দিনের মধ্যে হেঁটে অতিক্রম করার পদযাত্রা শুরু করেছেন তরুণ শিক্ষক ও পরিবেশকর্মী ফাহিম মুনতাসির।
শুক্রবার (১০ জুলাই) সকাল সাড়ে আটটার দিকে টেকনাফ জিরো পয়েন্ট থেকে যাত্রা শুরু করেন তিনি।
ব্রাহ্মণবাড়িয়ার বাসিন্দা ফাহিম মুনতাসির ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক সম্পন্ন করেছেন। বর্তমানে তিনি শিক্ষকতার পাশাপাশি লেখালেখি এবং বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত। তিনি বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, ব্রাহ্মণবাড়িয়া ইউনিটের যুব প্রধান এবং ‘সোনালী সকাল’ সংগঠনের সভাপতি।
ফাহিম বলেন, এই উদ্যোগের উদ্দেশ্য কোনো রেকর্ড গড়া নয়; বরং মানুষকে নিয়মিত হাঁটার অভ্যাসে উৎসাহিত করা, অপ্রয়োজনীয় ব্যক্তিগত যানবাহনের ব্যবহার কমানো এবং পরিবেশবান্ধব জীবনধারা গড়ে তোলার বার্তা পৌঁছে দেওয়া।
তাঁর ভাষায়, মানুষের দৈনন্দিন জীবনে হাঁটার পরিমাণ কমে যাওয়ায় ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ ও হৃদ্রোগের মতো অসংক্রামক রোগের ঝুঁকি বাড়ছে। নিয়মিত হাঁটা শারীরিক ও মানসিক সুস্থতা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
ফাহিম আরও বলেন, জীবাশ্ম জ্বালানিনির্ভর যানবাহনের অতিরিক্ত ব্যবহার বায়ুদূষণ ও জলবায়ু পরিবর্তনের অন্যতম কারণ। স্বল্প দূরত্বে হাঁটা এবং প্রয়োজন অনুযায়ী গণপরিবহন ব্যবহারের মাধ্যমে কার্বন নিঃসরণ কমানো সম্ভব।
পদযাত্রার সময় দেশের বিভিন্ন অঞ্চলের মানুষের সঙ্গে মতবিনিময়ের পাশাপাশি পরিবেশ সংরক্ষণের বার্তা ছড়িয়ে দিতে বিভিন্ন স্থানে বীজ বপন ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন করবেন বলেও জানান তিনি।
ফাহিম বলেন, ‘আমি চাই মানুষ আমাকে নয়, আমার বার্তাকে মনে রাখুক। হাঁটা একটি সুস্থ জীবনের ভিত্তি, আর পরিবেশ রক্ষা ভবিষ্যৎ প্রজন্মের প্রতি আমাদের দায়িত্ব।’
এই পদযাত্রায় ফাহিম মুনতাসিরের সঙ্গে রয়েছেন ব্রাহ্মণবাড়িয়ার প্রণব দেবনাথ ও ফাইয়াজ ফারসিদ মুবিন। তারা জানান, ব্যক্তিগত অর্থায়নে টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত এই পদযাত্রা সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে। সে অনুযায়ী প্রতিদিন গড়ে প্রায় ৬০ কিলোমিটার তারা হাঁটবেন বলে জানা গেছে।
কক্সবাজার সব খবর















