Cvoice24.com

টেকনাফে পাহাড় থেকে পড়ে আহত বন্য মা হাতির মৃত্যু

উখিয়া-টেকনাফ প্রতিনিধি, সিভয়েস২৪
১২:২৮, ১২ জুলাই ২০২৬
টেকনাফে পাহাড় থেকে পড়ে আহত বন্য মা হাতির মৃত্যু

কক্সবাজারের টেকনাফে পাহাড় থেকে পড়ে গুরুতর আহত হওয়া একটি বন্য মা হাতির মৃত্যু হয়েছে। প্রায় ২০০ ফুট উঁচু পাহাড় থেকে পড়ে মেরুদণ্ড ও পেছনের পায়ে মারাত্মক আঘাত পাওয়ার পর বন বিভাগ, এলিফ্যান্ট রেসপন্স টিম (ইআরটি) এবং প্রাণিসম্পদ বিভাগের চিকিৎসকেরা টানা চেষ্টা চালালেও শেষ পর্যন্ত হাতিটিকে বাঁচানো সম্ভব হয়নি।

রবিবার (১২ জুলাই) সকাল ১০টার দিকে হাতিটির মৃত্যু হয়।

কক্সবাজার দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘পাহাড় থেকে পড়ে হাতিটির মেরুদণ্ড ভেঙে যায় এবং পেটেও গুরুতর আঘাত লাগে। সর্বোচ্চ চিকিৎসা দেওয়ার চেষ্টা করা হলেও তার শারীরিক অবস্থা এতটাই সংকটাপন্ন ছিল যে শেষ পর্যন্ত সে মারা যায়।’

এর আগে শনিবার (১১ জুলাই) দুপুর প্রায় ৩টার দিকে টেকনাফ পৌরসভার নাইট্যাংপাড়া ১ নম্বর ওয়ার্ড এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

বন বিভাগের তথ্য অনুযায়ী, টানা বৃষ্টিতে পাহাড়ের মাটি নরম হয়ে যাওয়ায় লতাপাতা খাওয়ার সময় হাতিটির পা পিছলে যায়। এতে প্রায় ২০০ ফুট গভীর খাদে পড়ে গিয়ে সে গুরুতর আহত হয়। আঘাতের পর আর দাঁড়াতে পারেনি হাতিটি। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার ও চিকিৎসা কার্যক্রম শুরু করে বন বিভাগ।

প্রথমে টেকনাফ উপজেলা প্রাণিসম্পদ ভেটেরিনারি হাসপাতালের চিকিৎসকেরা প্রাথমিক চিকিৎসা দেন। পরে বন্যপ্রাণী বিশেষজ্ঞ চিকিৎসক ড. মোস্তাফিজের নেতৃত্বে এলিফ্যান্ট রেসপন্স টিম (ইআরটি), বন বিভাগ এবং প্রাণিসম্পদ বিভাগের সমন্বয়ে হাতিটির নিবিড় চিকিৎসা চালানো হয়। তবে গুরুতর আঘাতের কারণে সব প্রচেষ্টা ব্যর্থ হয়।

বন বিভাগের তথ্যমতে, মৃত হাতিটির বয়স আনুমানিক ৪০ বছর। পাহাড় থেকে পড়ে তার মেরুদণ্ড ও পেছনের পা ভেঙে যাওয়ায় সে সম্পূর্ণভাবে চলাফেরার সক্ষমতা হারিয়েছিল।

এদিকে হাতিটি আহত হওয়ার খবর জানার পর প্রধানমন্ত্রী তারেক রহমান তার সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করার নির্দেশনা দেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। এরপর চিকিৎসা কার্যক্রম আরও জোরদার করা হলেও শেষ পর্যন্ত রোববার সকালে হাতিটির মৃত্যু হয়।

কক্সবাজার সব খবর