রাতের খাবারে ব্যস্ত পরিবার, উঠানের বন্যার পানিতে ডুবে প্রাণ গেল শিশুর
পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি, সিভয়েস২৪
কক্সবাজারের পেকুয়ায় বন্যার পানিতে ডুবে মুশফিকুর রহিম নামে ২১ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (১১ জুলাই) রাতে উপজেলার সদর ইউনিয়নের বলিরপাড়া এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত মুশফিকুর রহিম ওই এলাকার সৌদি প্রবাসী নাছির উদ্দীনের ছেলে।
স্থানীয়রা জানায়, শনিবার রাত সাড়ে ৯টার দিকে পরিবারের সদস্যরা রাতের খাবার খেতে ব্যস্ত ছিলেন। এ সময় সবার অগোচরে শিশুটি বাড়ির উঠানে জমে থাকা বন্যার পানিতে পড়ে যায়।
কিছুক্ষণ পর শিশুটিকে খুঁজে না পেয়ে পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বাড়ির উঠানে বন্যার পানিতে ভাসমান অবস্থায় তাকে দেখতে পান। পরে দ্রুত উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
স্থানীয় ইউপি সদস্য শাহেদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
প্রসঙ্গত, সাম্প্রতিক বন্যায় অনেক এলাকায় বাড়ির উঠান ও আশপাশে পানি জমে থাকায় শিশুদের জন্য দুর্ঘটনার ঝুঁকি বেড়ে গেছে।
কক্সবাজার সব খবর















