Cvoice24.com

উখিয়া সীমান্তে সার-তেল পাচারের নগদ টাকাসহ আটক ২, উদ্ধার সাড়ে ১২ লাখ টাকা

কক্সবাজার প্রতিনিধি
১৭:০৭, ১২ জুলাই ২০২৬
উখিয়া সীমান্তে সার-তেল পাচারের নগদ টাকাসহ আটক ২, উদ্ধার সাড়ে ১২ লাখ টাকা

কক্সবাজারের উখিয়ার পালংখালী সীমান্তে অভিযান চালিয়ে দুই সন্দেহভাজন পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রোববার (১২ জুলাই) দুপুর ১২টার দিকে পালংখালী ইউনিয়নের আঞ্জুমানপাড়া সীমান্তের গুইল্লাখালী পয়েন্টে উখিয়া ব্যাটালিয়নের (৬৪ বিজিবি) পালংখালী বিওপির একটি টহলদল এই অভিযান পরিচালনা করে।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে দুই ব্যক্তিকে আটকের পর দেহ তল্লাশি করে নগদ ১২ লাখ ৪৮ হাজার ৩০০ টাকা উদ্ধার করা হয়। 

বিজিবির দাবি, আটক ব্যক্তিরা মিয়ানমারে সার ও ভোজ্যতেল পাচার করে বাংলাদেশে ফেরার পথে ধরা পড়েন।

আটক দুজন হলেন— উখিয়ার ১১ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বি-৫ ব্লকের বাসিন্দা আমির হোসেনের ছেলে লুকমান হাকিম (২৫) এবং পালংখালী ইউনিয়নের পূর্ব ফারিরবিল এলাকার আজিম উদ্দিনের ছেলে আবছার উদ্দিন (২৮)। জিজ্ঞাসাবাদ শেষে বিকালে তাদের উখিয়া থানায় হস্তান্তর করা হয়।

এ বিষয়ে অভিযানের সত্যতা নিশ্চিত করে উখিয়া ব্যাটালিয়নের (৬৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জহিরুল ইসলাম বলেন, মিয়ানমারে সার ও ভোজ্যতেল পাচার করে ফেরার পথে দুই ব্যক্তিকে আটক করা হয়েছে। সীমান্তে চোরাচালান ও অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

কক্সবাজার সব খবর