মিয়ানমারে পাচারকালে ১৩০ বস্তা সরকারি সার জব্দ, পালালো পাচারচক্র
উখিয়া-টেকনাফ প্রতিনিধি, সিভয়েস২৪
কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালী সীমান্ত এলাকায় উপজেলা প্রশাসন ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর যৌথ অভিযানে বিপুল পরিমাণ সরকারি ভর্তুকির ইউরিয়া সার জব্দ করা হয়েছে। তবে অভিযান টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
সোমবার (১৩ জুলাই) রাতে উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের আনজুমানপাড়া ও বটতলী কবরস্থান মোড় এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
উপজেলা প্রশাসন ও স্থানীয় সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে অবৈধভাবে মজুদ করে রাখা ১৩০ বস্তা সরকারি ভর্তুকির ইউরিয়া সার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত সারের মধ্যে কামাল উদ্দিনের ছেলে মুফিজ উদ্দিনের কাছ থেকে ৭২ বস্তা, দুদু মিয়ার ছেলে সাগরের কাছ থেকে ২১ বস্তা এবং নাজির উদ্দিনের ছেলে মোহাম্মদ ইউনুসের কাছ থেকে ৩৭ বস্তা সার জব্দ করা হয়।
এদিকে তদন্তে পাচার ও অবৈধ মজুদ চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে পাঁচজনের নাম উঠে এসেছে। তারা হলেন— গয়ালমারা গ্রামের আকবর আলীর ছেলে সোনা মিয়া ও তার ভাই ইউনুস, আনজুমানপাড়ার আবদুল জব্বারের ছেলে নুর মোহাম্মদ, পশ্চিম পালংখালী গ্রামের নুরুল ইসলামের ছেলে বাদশা মিয়া এবং পূর্ব ফারির বিল গ্রামের দুদু মিয়ার ছেলে সাগর।
উখিয়া উপজেলা কৃষি কর্মকর্তা কামনাশিষ সরকার অভিযানের সত্যতা নিশ্চিত করে জানান, জব্দ করা ইউরিয়া সার বিজিবির কাছে হস্তান্তর করা হয়েছে।
উখিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জহিরুল ইসলাম বলেন, উদ্ধারকৃত সারের বস্তাগুলো জব্দ করে হেফাজতে নেওয়া হয়েছে। পলাতক মুফিজ উদ্দিনকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরসহ প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
কক্সবাজার সব খবর















