Cvoice24.com

রোহিঙ্গা ক্যাম্পে অভিযান, অস্ত্র-ইয়াবা ও নগদ টাকাসহ তিনজন গ্রেপ্তার

কক্সবাজার প্রতিনিধি
১৯:৩৫, ১৪ জুলাই ২০২৬
রোহিঙ্গা ক্যাম্পে অভিযান, অস্ত্র-ইয়াবা ও নগদ টাকাসহ তিনজন গ্রেপ্তার

কক্সবাজারের টেকনাফের ২৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে একটি দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্র, ইয়াবা ও নগদ টাকাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।

মঙ্গলবার (১৪ জুলাই) ভোররাতে টেকনাফের ২৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বি-ব্লকের ২২৩ নম্বর বসতঘরে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। পরে সন্ধ্যায় গ্রেপ্তার ব্যক্তিদের টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন টেকনাফের হ্নীলা ইউনিয়নের দক্ষিণ আলীখালী এলাকার আক্তার হোসেন (২৬), রোহিঙ্গা ক্যাম্প-২৪-এর বাসিন্দা বশির আহমেদ (২৫) এবং আবুল বাসের ওরফে আবদুয়া (৩২)।

ক্যাম্প পুলিশ সূত্রে জানা গেছে, ওই বসতঘরে কয়েকজন ব্যক্তি অবৈধ অস্ত্র ও মাদক নিয়ে অবস্থান করছেন, এমন তথ্যের ভিত্তিতে এপিবিএনের একটি দল সেখানে অভিযান চালায়। এ সময় একটি দেশীয় তৈরি ওয়ান শুটার (এলজি), ১৬৬টি ইয়াবা ট্যাবলেট এবং ৬৬ হাজার ৬০০ টাকা উদ্ধার করা হয়। একই সঙ্গে তিনজনকে গ্রেপ্তার করা হয়।

১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মোহাম্মদ কাউছার সিকদার বলেন, সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে পরিচালিত অভিযানে অস্ত্র, মাদক ও নগদ টাকা উদ্ধার করা হয়েছে। রোহিঙ্গা ক্যাম্পের নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

কক্সবাজার সব খবর