পেকুয়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় যুবকের মৃত্যু
পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি, সিভয়েস২৪
কক্সবাজারের পেকুয়া উপজেলায় সড়ক দুর্ঘটনায় মো. মানিক (২৫) নামে এক মোটরসাইকেল আরোহী যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় হেলাল উদ্দিন নামে আরও এক যুবক আহত হয়েছেন।
মঙ্গলবার (১৪ জুলাই) রাত প্রায় ১১টার দিকে পেকুয়া পৌরসভার এবিসি আঞ্চলিক মহাসড়কের নন্দীরপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মো. মানিক উপজেলার টৈটং ইউনিয়নের সোনাইছড়ি নতুনপাড়া এলাকার মোক্তার আহমদের ছেলে। তিনি পেকুয়া বাজারের একটি জেনারেল হাসপাতালের ফার্মেসিতে কর্মরত ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার রাতে মোটরসাইকেলে পেকুয়া বাজার থেকে নন্দীরপাড়ার দিকে যাওয়ার সময় চালক নিয়ন্ত্রণ হারালে মোটরসাইকেলটি সড়কে ছিটকে পড়ে। এতে মানিক ও তার সঙ্গে থাকা হেলাল উদ্দিন গুরুতর আহত হন।
স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে মানিকের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। পরে চিকিৎসাধীন অবস্থায় সেখানে তার মৃত্যু হয়। আহত হেলাল উদ্দিনের চিকিৎসা চলছে।
পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
কক্সবাজার সব খবর















