Cvoice24.com

উখিয়ায় ৫ কোটি টাকার ইয়াবা উদ্ধার, পালাল চোরাকারবারীরা

উখিয়া-টেকনাফ প্রতিনিধি, সিভয়েস২৪
১৩:২৫, ১ আগস্ট ২০২৬
উখিয়ায় ৫ কোটি টাকার ইয়াবা উদ্ধার, পালাল চোরাকারবারীরা

কক্সবাজারের উখিয়ায় সীমান্তবর্তী এলাকায় পৃথক দুই অভিযানে মোট ১ লাখ ৭০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধার হওয়া ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৫ কোটি ১০ লাখ টাকা। তবে দুই ঘটনাতেই চোরাকারবারীরা মাদক ফেলে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) জানায়, প্রথম অভিযানটি পরিচালিত হয় ৩১ জুলাই রাত ৮টা ১০ মিনিটে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পালংখালী বিওপির একটি বিশেষ টহল দল সীমান্তবর্তী উলুবুনিয়া পুরাতন বিজিবি পোস্ট-সংলগ্ন এলাকায় ৪-৫ জন সন্দেহভাজন ব্যক্তিকে মিয়ানমার থেকে বাংলাদেশে প্রবেশ করতে দেখে। বিজিবি সদস্যরা তাদের চ্যালেঞ্জ করলে চোরাকারবারীরা পালানোর চেষ্টা করে। এ সময় বিজিবি ফাঁকা গুলি ছুড়লে তারা একটি ব্যাগ ফেলে মিয়ানমারের দিকে পালিয়ে যায়। পরে ওই ব্যাগ থেকে ১ লাখ ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য ৩ কোটি ৩০ লাখ টাকা।

অন্যদিকে, একই দিন রাত ১১টা ২০ মিনিটে পালংখালী বিওপির আরেকটি বিশেষ টহল দল সীমান্তবর্তী ডেইলপাড়া চেকপোস্টের উত্তর পাশের বেড়িবাঁধ এলাকায় অভিযান চালায়। এ সময় দুই সন্দেহভাজন ব্যক্তিকে ধাওয়া করলে তারা একটি পলিথিনের ব্যাগ ফেলে ডেইলপাড়া গ্রামের দিকে পালিয়ে যায়। পরে ওই ব্যাগে তল্লাশি চালিয়ে ৬০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য ১ কোটি ৮০ লাখ টাকা।

দুই ঘটনাতেই বিজিবি পালিয়ে যাওয়া চোরাকারবারীদের ধরতে চিরুনি অভিযান চালালেও কাউকে আটক করা সম্ভব হয়নি।

উখিয়া ব্যাটালিয়নের (৬৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জহিরুল ইসলাম বলেন, মাদক সরবরাহকারী ও সংশ্লিষ্ট চোরাকারবারীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

কক্সবাজার সব খবর