ছুটি শেষে ফিরলো কোলাহল— শুরু নিয়মিত পাঠদান, আসছে নতুন নির্দেশনা
সিভয়েস২৪ ডেস্ক
পবিত্র রমজান, ঈদুল ফিতর ও স্বাধীনতা দিবসের দীর্ঘ ছুটি শেষে খুলেছে দেশের সব স্তরের শিক্ষাপ্রতিষ্ঠান। রবিবার (২৯ মার্চ) থেকে ক্লাসে ফিরেছেন শিক্ষক-শিক্ষার্থীরা। তবে সরকারি ছুটি শেষ হয়েছিল বৃহস্পতিবার। এরপর শুক্র ও শনিবার—দুই দিন সাপ্তাহিক বন্ধ থাকায় আজ থেকেই নিয়মিত ক্লাস শুরু হয়েছে।
শিক্ষা মন্ত্রণালয় ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সূত্র জানায়, বছরের শুরুতে নির্বাচন এবং দীর্ঘ ছুটিতে শিক্ষার্থীদের বড় ধরনের শিখনঘাটতি তৈরি হয়েছে। এ অবস্থায় ক্লাসে উপস্থিতি নিশ্চিত ও পাঠদানে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে।
নির্বাচন ও আইনি জটিলতার কারণে প্রাথমিক বিদ্যালয়গুলোতে ছুটি ৮ মার্চের বদলে ১৯ ফেব্রুয়ারি থেকেই শুরু হয়ে যায়। ফলে ১৭ দিন আগেই ছুটিতে যায় শিক্ষার্থীরা। এই অতিরিক্ত ছুটির ক্ষতি পুষিয়ে নিতে এক নতুন উদ্যোগ নিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। ঈদ শেষে প্রথম ১০টি শনিবারে ক্লাস চালু রাখা হবে। তবে মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে শনিবার ছুটি বাতিলের বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি।
এদিকে দীর্ঘ বিরতির পর বিদ্যালয় খুলে দেওয়ার আগে স্বাস্থ্য ও পরিবেশ সুরক্ষায় বিশেষ গুরুত্ব দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ। গত ২৫ মার্চ জারি করা নির্দেশনায় বলা হয়েছে, ক্লাস শুরুর আগে প্রতিটি প্রতিষ্ঠানকে পুরোপুরি পরিষ্কার-পরিচ্ছন্ন করতে হবে। শুধু একদিনের উদ্যোগ নয়, বরং প্রতি সপ্তাহে শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণে নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম চালানোর তাগিদ দেওয়া হয়েছে।
পাশাপাশি প্রতিটি প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ, বাগান পরিচর্যা এবং শিক্ষার্থীদের ব্যক্তিগত পরিচ্ছন্নতা বিষয়ে সচেতন করতে বিশেষ কার্যক্রম নেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে।
শিক্ষা সব খবর















