Cvoice24.com

অনলাইন-অফলাইনে ক্লাসের বিষয়ে ভাবছে সরকার: শিক্ষামন্ত্রী

সিভয়েস২৪ ডেস্ক
১৩:০৬, ৩১ মার্চ ২০২৬
অনলাইন-অফলাইনে ক্লাসের বিষয়ে ভাবছে সরকার: শিক্ষামন্ত্রী

জ্বালানি সাশ্রয়ের লক্ষ্য সামনে রেখে সশরীরে শ্রেণিকক্ষের পাশাপাশি অনলাইন ক্লাস চালুর বিষয়ে সরকার ভাবছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। 

মঙ্গলবার (৩১ মার্চ) সচিবালয়ে জ্বালানি পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত উচ্চপর্যায়ের বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

শিক্ষামন্ত্রী বলেন, ‘জ্বালানি সংকট শুধু বাংলাদেশে নয়, এটি এখন বৈশ্বিক সমস্যা। এই পরিস্থিতি কতদিন স্থায়ী হবে তাও বলা যাচ্ছে না। তাই আমরা স্কুল সিস্টেমকে অনলাইনে এনে অন অ্যান্ড অফ ব্লেন্ডিং সিস্টেম চালুর বিষয়ে চিন্তা করছি।’

তিনি আরও জানান, রোজার ছুটি, বিভিন্ন আন্দোলনের কারণে কিছু ক্লাস লস করেছি। ‘এই সংকট সমাধানে ছয় দিন ক্লাস নেওয়ার প্রস্তাব বিবেচনায় আছে। পাশাপাশি বিশ্বব্যাপী জ্বালানি-সংকটের কথা চিন্তা করে ব্লেন্ডিং সিস্টেমের সম্ভাবনাও খতিয়ে দেখা হচ্ছে,’ বলেন তিনি।

শিক্ষামন্ত্রী জানান, ৫৫ শতাংশ মানুষ অনলাইনে ক্লাস চালুর পক্ষে মত দিয়েছে। তবে পুরোপুরি অনলাইনে শিক্ষা ব্যবস্থা চালু করলে আন সোশ্যাল হয়ে যেতে পারে বলেও মন্তব্য করেন তিনি। 

‘সব দিক বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। আলোচনার পর প্রস্তাবটি আমরা ক্যাবিনেট সভায় উপস্থাপন করব, সেখান থেকেই চূড়ান্ত সিদ্ধান্ত আসবে,’ বলেন তিনি।

বৈঠকে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ, প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শিক্ষা সব খবর