Cvoice24.com

এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু 

সিভয়েস২৪ ডেস্ক
১০:৩৮, ২১ এপ্রিল ২০২৬
এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু 

চট্টগ্রামসহ সারা দেশে শুরু হয়েছে ২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষা। মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল ১০টায় এ পরীক্ষা শুরু হয়। দেশের ৩ হাজার ৮৮৫টি কেন্দ্রে একযোগে শুরু হওয়া এ পরীক্ষায় অংশ নিচ্ছে সাড়ে ১৮ লাখের বেশি পরীক্ষার্থী। পরীক্ষা চলবে দুপুর ১টা পর্যন্ত।

শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, এবার দেশের ৩০ হাজার ৬৬৬টি স্কুল, মাদরাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নিচ্ছে।

পরীক্ষা উপলক্ষে সোমবার (২0 এপ্রিল)  সচিবালয়ে এক ব্রিফিংয়ে শিক্ষামন্ত্রী আ. ন. ম এহছানুল হক মিলন এবং প্রধানমন্ত্রীর শিক্ষা বিষয়ক উপদেষ্টা মাহাদী আমিন জানান, সব কেন্দ্রেই নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে সংশ্লিষ্ট দপ্তরে নির্দেশনা দেওয়া হয়েছে।

পরীক্ষার্থীদের নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে কেন্দ্র এলাকার সড়কগুলো যানজটমুক্ত রাখারও নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে পরীক্ষাকেন্দ্রে অহেতুক আতঙ্ক সৃষ্টি না করার আহ্বান জানিয়েছেন তারা।

পরীক্ষা সুষ্ঠু ও নকলমুক্ত রাখতে ইতোমধ্যে বিভিন্ন শিক্ষা বোর্ড জরুরি নির্দেশনা জারি করেছে। দেশের ৩ হাজার ২০৯টি কেন্দ্রকে আনা হয়েছে সিসি ক্যামেরার আওতায়।

আন্তঃশিক্ষাবোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক ড. খন্দোকার এহসানুল কবির বলেন, অনেক কেন্দ্রে আগে থেকেই সিসি ক্যামেরা রয়েছে। নতুন কেন্দ্রগুলোতেও এ ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের উৎসাহিত করা হয়েছে।

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে এবার ১ লাখ ৩০ হাজার ৭২৪ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছেন। এর মধ্যে ছাত্র ৫৬ হাজার ৩৫১ জন এবং ছাত্রী ৭৪ হাজার ৩৭৩ জন।

মোট ২১৮টি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। বিভাগভিত্তিক হিসেবে—বিজ্ঞান বিভাগে ৩৪ হাজার ৯৯১ জন, মানবিক বিভাগে ৪৩ হাজার ৯৮৩ জন এবং ব্যবসায় শিক্ষা বিভাগে ৫১ হাজার ৭৫০ জন শিক্ষার্থী অংশ নিচ্ছে। 

এদিকে চট্টগ্রাম বোর্ডের অধীনে চট্টগ্রাম, কক্সবাজার ও তিন পার্বত্য জেলার ১ হাজার ২১৮টি বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নিচ্ছে। এর মধ্যে চট্টগ্রাম মহানগর ও জেলায়  ৯২ হাজার ৩৩৮ জন, কক্সবাজারে ১৮ হাজার ৯২৪ জন, রাঙামাটিতে ৭ হাজার ৪১৭ জন ও খাগড়াছড়িতে ৮ হাজার ৭১ জন
বান্দরবানে ৩ হাজার ৮৭৪ জন শিক্ষার্থী এবারের পরীক্ষায় অংশ নিচ্ছে। 

চট্টগ্রাম শিক্ষা বোর্ড জানিয়েছে, পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ৭৬টি ভিজিল্যান্স টিম গঠন করা হয়েছে। এর মধ্যে ৬৬টি সাধারণ এবং ১০টি বিশেষ টিম রয়েছে।

অন্যদিকে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) জানিয়েছে, নগরের বিভিন্ন কেন্দ্রের আশপাশে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।

প্রতিটি কেন্দ্রের ২০০ গজের মধ্যে পরীক্ষা শুরুর এক ঘণ্টা আগে থেকে শেষ হওয়ার এক ঘণ্টা পর্যন্ত অস্ত্র, বিস্ফোরক দ্রব্য, লাঠিসোটা, ইট-পাথর বহন ও ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে।

এ ছাড়া সভা-সমাবেশ, মিছিল, স্লোগান, গান-বাজনা, মাইক বা লাউডস্পিকার ব্যবহারসহ সব ধরনের শব্দদূষণমূলক কার্যক্রমও নিষিদ্ধ থাকবে। ফটোকপি মেশিন বন্ধ রাখার নির্দেশনাও দেওয়া হয়েছে।

পুলিশ বলছে, এসব নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
 

শিক্ষা সব খবর