Cvoice24.com

বইমেলায় দর্শনার্থী বেশি, পাঠক কম

সিভয়েস২৪ প্রতিবেদক
২০:৪৯, ৫ ফেব্রুয়ারি ২০২৫
বইমেলায় দর্শনার্থী বেশি, পাঠক কম

সন্ধ্যা নেমে আসতেই বইমেলায় প্রবেশ করেন সাইফুল ও তার স্ত্রী রাবেয়া। অফিস শেষে মেলা দেখতে আসার কথা জানিয়ে সাইফুল বলেন, ‘মেলাতো সবে শুরু হলো। গতবারের সিআরবি লোকেশনটা ভালো ছিলো। তবে এবারের ভালোটা হলো মেলার শুরু থেকে স্টলগুলো সাজানো হয়েছে। তবে প্রকাশকরা নতুন বই এখনও সব আনেনি। তারা যদি নতুন বইগুলো নিয়ে আসতো তাহলে আরও ভালো হতো।’

এমনই বিভিন্ন মত নিয়ে মেলা ঘুরে ঘুরে প্রকাশনার দোকানগুলো দেখছেন এবং খুঁজছেন পছন্দের বই। তবে প্রকাশকদের সুরে ভিন্ন মত। তাদের মতে, বইমেলায় দর্শনার্থীদের ভিড় থাকলেও পাঠকের সংখ্যা খুবই কম। তাই বই বিক্রি এখনও ভালোভাবে শুরু হয়নি। 

বইমেলা সরেজমিনে ঘুরে দেখা যায়, মেলার প্রবেশমুখের বামপাশে গড়ে তোলা হয়েছে মঞ্চ। সেখানে চলছে ‘তারুণ্যের উৎসব’ শিরোনামে অনুষ্ঠান। আর বাম পাশে ছয় সারিতে জিমেনিশিয়াম পর্যন্ত সাজানো হয়েছে বইয়ের স্টল। ১৪০টি স্টলের সবগুলোতেই প্রকাশকরা তুলেছেন বই আর বিক্রির কাজে নিয়োগ দিয়েছেন বিক্রয়কর্মী। মেলা ঘুরে ঘুরে বই দেখতে ও ছবি তুলতে দেখা গেছে তরুণ-তরুণীদের। বই কিনতে দেখা গেছে হাতেগোনা কয়েকজনকে।

আরও পড়ুন : ফুল উৎসবের গালা নাইট, বৃহস্পতিবার বন্ধ বইমেলা

বই কেনার পর সাদিয়া সুলতানা বলেন, ‘বাংলাদেশে রাজনীতি ও ইতিহাস নিয়ে খুব আলোচনা হচ্ছে। তাই মওলানা ভাসানীকে নিয়ে লেখা একটি বই নিলাম। আরও নিবো। তবে আজকে আর নিবো না। আজকে আরও কিছুক্ষণ থাকবো। দেখে যাই। নতুন কি কি বই আসছে, সে খোঁজ নিই। সপ্তাহখানেক পরে এসে তারপর আরও কিছু বই নিবো।’

নতুন বই প্রসঙ্গে অক্ষরবৃত্ত প্রকাশনীর প্রকাশক আনিস সুজন বলেন, ‘এবার আমরা ৪০টির মতো নতুন বই প্রকাশ করছি। কবিতার বইয়ের গ্রাহক কম হওয়ার কারণে কবিতার বইয়ের চেয়ে গল্প ও উপন্যাসের বই বেশি এনেছি। কবিতার বইয়ের ক্ষেত্রে কবির পরিচিতিতেই মূলত বই বিক্রি হয়। তবে অধিকাংশ পাঠকের উপন্যাসের বইয়ে আগ্রহ বেশি।’

এবারের মেলায় বৃক্ষকে গুরুত্ব দিয়ে স্টল সাজিয়েছে বিদ্যানন্দ প্রকাশনী। ঢাকার এ প্রকাশনীর বিক্রয়কর্মী বিদ্যানন্দ ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবক ওমর ফারুক বলেন, ‘এবার আমাদের ৬ থেকে ৭টি নতুন বই আসবে। আমরা এবারের মেলায় আমরা বই যারা কিনছেন, তাদের চারা গাছ উপহার দেওয়ার উদ্যোগ নিয়েছি। ঢাকার প্রকাশনী হলেও ঢাকা ও চট্টগ্রামের স্টলের থিম এক থাকে না। প্রতিবারের মতো এবার ঢাকায় ঢাকার থিমে স্টল সাজিয়েছে। আমরা চট্টগ্রামে গাছের রি-সাইকেল ও বৃক্ষরোপণ থিম নিয়ে স্টল সাজিয়েছি।’

চন্দ্রবিন্দু প্রকাশনের স্বত্বাধিকারী চৌধুরী ফাহাদ, ‘গতবারের ছায়া সুশীতল পরিবেশ হিসেবে শিরিষতলা চমৎকার একটি জায়গা ছিলো। তবে ওখানে পাঠকদের গাড়ি পাওয়ার জটিলতার কারণে মানুষ একটু কম হতো। এবারের বইমেলার দুইদিনেই প্রচুর লোকজন এসেছেন। বেচাকেনা মোটামুটি। আশা করছি, শুক্রবার থেকে মেলা জমবে। তাই আমরাও অপেক্ষা করছি।