Cvoice24.com

পটিয়ায় প্রত্যয়ের তিন শিশুশিল্পীর নৃত্য সন্ধ্যা

সিভয়েস২৪ ডেস্ক
২১:৩৪, ১৮ জুলাই ২০২৫
পটিয়ায় প্রত্যয়ের তিন শিশুশিল্পীর নৃত্য সন্ধ্যা

চট্টগ্রামের পটিয়ায় প্রত্যয় শিক্ষা ও সাংস্কৃতিক একাডেমির আয়োজনে অনুষ্ঠিত হয়েছে একক নৃত্য সন্ধ্যা ‘অন্তর মম বিকশিত করো’। শুক্রবার (১৮ জুলাই) বিকেল পাঁচটায় প্রত্যয় একাডেমির মিলনায়তনে আয়োজিত এ আয়োজনে অংশ নেন একাডেমির নৃত্য বিভাগের তিন শিক্ষার্থী।

নৃত্য সন্ধ্যায় একক পরিবেশনায় অংশ নেন আনিকা হক, অঙ্কনা বড়ুয়া ও মন্দিরা সর্দ্দার। তিন শিল্পী মোট ৯টি একক নৃত্য পরিবেশন করেন।

অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন প্রত্যয়ের সিনিয়র সদস্য এরশাদ হোসাইন। অতিথি হিসেবে বক্তব্য দেন এপেক্স বাংলাদেশ জেলার গভর্নর-৩ এপেক্সিয়ান সৈয়দ মিয়া হাসান, নৃত্যশিল্পী ও প্রশিক্ষক অমিত চক্রবর্তী, সঙ্গীতশিল্পী শিবু মল্লিক, আবৃত্তিশিল্পী নীহারিকা পাল ও নৃত্যশিল্পী হৈমন্তী দে।

প্রারম্ভিক বক্তব্যে একাডেমির নির্বাহী পরিচালক আবদুল্লাহ ফারুক রবি বলেন, ‘শিক্ষার্থীদের শেখা বিষয়গুলোর চর্চা অব্যাহত রাখতেই আমাদের এই আয়োজন। দীর্ঘ ১৫ বছর ধরে প্রত্যয় শিক্ষা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত।’

অতিথির বক্তব্যে সৈয়দ মিয়া হাসান বলেন, ‘সংস্কৃতিচর্চা মানুষকে অন্যায় থেকে বিরত রাখতে পারে। প্রত্যয় একাডেমি দীর্ঘদিন ধরে পটিয়ায় সংস্কৃতিচর্চায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।’

অনুষ্ঠানে একাডেমির আবৃত্তি বিভাগের শিক্ষার্থীরা কোরাস আবৃত্তি পরিবেশন করেন।