Cvoice24.com

জুলাই বিপ্লবে নিহত মীর মুগ্ধ স্মরণে 
পানি লাগবে পানি?

শাহাদাৎ হোসেন চৌধুরী 
১৫:৩৮, ১৯ জুলাই ২০২৫
পানি লাগবে পানি?

শত শত প্রাণহানি নিখোঁজের তালিকা দীর্ঘ
ভিন্নমতের লোক যেন নিকৃষ্ট প্রাণী
সত্যের পথ হারিয়েছে স্বদেশ
নিভৃতে কাঁদে বিচারের বাণী।

বৈষম্যে ভরে গেছে দেশ
লুটেরাদের চাওয়াই সব বিধান
স্তব্ধ হলো জনতার কণ্ঠ
বিপ্লবই একমাত্র সমাধান।

বৈষম্যহীন সমাজ গড়ার প্রত্যয়
প্রাণ বাজি রাখা পণ
রক্তগঙ্গা দিতে হতে পাড়ি
ছাত্র-জনতা হলো এক মন।

রাজপথে চলছে মিছিল
কণ্ঠে সবার শিকল ভাঙার গান
পেটুয়ারাও সব বেপরোয়া
নিচ্ছে শত শত তাজা প্রাণ।

বজ্রকণ্ঠে রাজপথে চলছে মিছিল
ক্লান্তি গেছে উবে যেন বিজয়ের হাতছানি
মৃত্যুভয় উপেক্ষা করে মুগ্ধ বলছে
পানি লাগবে পানি?

রক্তে লেগেছে আগুন
গোলা আর বারুদে কীসে ভয়?
ভাঙতে হবে বৈষম্যের দেয়াল
আসতেই হবে এই সংগ্রামের জয়।

টিয়ারশেলের ধোঁয়া, যেন যুদ্ধের ময়দান
বিজয়ের নেশায় এ যেন রক্তের বন্ধন
হায়েনার বুলেটে বিদ্ধ মুগ্ধর কপাল
চিরতরে থমকে যায় হৃৎস্পন্দন।

লেখক — সাংবাদিক