Cvoice24.com

পাদানিতে স্বপ্নের মৃত্যু

শাহাদাৎ হোসেন চৌধুরী 
১৫:০৯, ৪ আগস্ট ২০২৫
পাদানিতে স্বপ্নের মৃত্যু

৪ আগস্ট ফার্মগেটে এক রক্তাক্ত বিকেল
পুলিশের ছোড়া গুলিতে
পাদাানিতে ঝুলে আছে বুলেটবিদ্ধ শরীর
পিচঢালা পথে রিকশাচালক নুর মোহাম্মদের
দিগ্বিদিক ছুটে চলা। 

পুলিশের আরও গুলি ছোড়ার পৈশাচিকতা
রক্তপিপাসুদের হাসপাতালে ব্যারিকেড
রিকশার রড চেপে প্রাণে বাঁচার আকুতি 
এ কী হিংস্রতা, এ কী রক্তের হোলি খেলা।

বৈষম্যহীন স্বদেশ গড়ার প্রত্যয়
কপাল যেন তার বাংলাদেশের হৃদয়
পুলিশের গুলিতে নাফিজের নিভু নিভু প্রাণ 
শত বাধা মাড়িয়ে
সবশেষে ঠাঁই হলো মর্গে নিথর দেহ। 

সন্তানের খোঁজে বাবা মার ছুটোছুটি 
ফটোসাংবাদিক জীবন আহমেদের তোলা 
মানবজমিন পত্রিকায় 
রক্তমাখা নাফিজের ছবি
খুঁজে দেয় সন্তানের শেষ চিহ্ন। 

হায়েনার ছোড়া বুলেট আর নির্মমতায়
থেমে গেছে সন্তানের জীবনপ্রদীপ
শত শত লাশের সারথি
১৭ বছরের কলেজ শিক্ষার্থী গোলাম নাফিজ।

বনানী বিদ্যানিকেতনের নতুন পোশাক
সাজানো পড়ার টেবিল,
রিমোটচালিত খেলনা গাড়ি,
সবই আজ কেবলই স্মৃতি।