প্রকাশনা উৎসবে বক্তারা
‘গা ছমছম রাজবাড়ি’ রাঙ্গুনিয়ার ইতিহাস-ঐতিহ্যের বার্তা
কাপ্তাই-রাঙ্গুনিয়া প্রতিনিধি, সিভয়েস২৪
ইতিহাস, রহস্য ও সংস্কৃতিকে একত্রিত করেছে সাংবাদিক আব্বাস হোসাইন আফতাবের নতুন গ্রন্থ গা ছমছম রাজবাড়ি, বাদুড় গুহা ও অন্যান্য। বক্তারা বলেছেন, এটি শুধু একটি সাহিত্যকর্ম নয়, বরং রাঙ্গুনিয়ার ইতিহাস ও ঐতিহ্যকে নতুন প্রজন্মের সামনে তুলে ধরার একটি গুরুত্বপূর্ণ প্রয়াস।
রবিবার (২৪ আগস্ট) বিকেলে চট্টগ্রামের রাঙ্গুনিয়া প্রেস ক্লাবের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় বইটির প্রকাশনা উৎসব। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাঙ্গুনিয়া সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর শেখ মুজিবুর রহমান। সভাপতিত্ব করেন রাঙ্গুনিয়া প্রেস ক্লাবের সভাপতি মো. ইলিয়াছ তালুকদার।
আলোচনায় অংশ নেন খ্রিস্টিয়ান হাসপাতাল চন্দ্রঘোনার পরিচালক ডা. প্রবীর খিয়াং, উপজেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয়ের একাডেমিক সুপারভাইজার সুমন শর্মা, রাঙ্গুনিয়া সরকারি কলেজের সহকারী অধ্যাপক বিশ্বজিৎ রায় চৌধুরী, ছড়াকার ও শিশু সাহিত্যিক বিপুল বড়ুয়া, কবি ও সাংবাদিক আল রাহমান, পল্লীবিদ্যুতের ডিজিএম মোহাম্মদ ফয়সাল হোসেন, কথাসাহিত্যিক সৈয়দ মনজুর মোরশেদ রানা, রাঙ্গুনিয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক নুরুল আবছার চৌধুরী, বইয়ের প্রচ্ছদ শিল্পী ও কথাসাহিত্যিক আকাশ আহমেদ, ফায়ার সার্ভিসের রাঙ্গুনিয়া স্টেশনের লিডার মো. জাহেদুর রহমান, শিক্ষক মো. আবু সায়েম, রহিম উদ্দিন সিকদার, শহীদুল্লাহ কায়সার, প্রকাশক রুনু আহমেদ, সাইফুল্লাহ সরোয়ার, ইকবাল আহমেদ, হাফেজ মুহাম্মদ বেলাল প্রমুখ। সঞ্চালনা করেন শিক্ষক এম মোরশেদ আলম ও সুবর্ণা বড়ুয়া।
অনুষ্ঠানের সাংস্কৃতিক পর্বে সংগীত পরিবেশন করেন বাংলাদেশ বেতারের শিল্পী ফুলকি বড়ুয়া এবং জাতীয় পুরস্কারপ্রাপ্ত শিল্পী অপ্সরী বড়ুয়া ফ্লোরা। আবৃত্তি পরিবেশন করেন নাজাত হোসাইন মেহরিন ও আফতাবী হোসাইন মুসকান।
নোটন প্রকাশন থেকে প্রকাশিত বইটির প্রচ্ছদ করেছেন কথাসাহিত্যিক, কবি ও সাংবাদিক আকাশ আহমেদ। গ্রন্থে রাঙ্গুনিয়ার ইতিহাস, রহস্যময় গুহা, রাজবাড়ি, লোককথা ও সংস্কৃতির ভিন্নমাত্রিক আখ্যান উঠে এসেছে।
সাহিত্য-সংস্কৃতি সব খবর















