Cvoice24.com

ষষ্ঠ ইউএস বাংলা মেলা
ফ্লোরিডায় বাংলাদেশি সংস্কৃতির উজ্জ্বল প্রদর্শনী

সিভয়েস২৪ ডেস্ক
১৮:১০, ১৪ সেপ্টেম্বর ২০২৫
ফ্লোরিডায় বাংলাদেশি সংস্কৃতির উজ্জ্বল প্রদর্শনী

দক্ষিণ ফ্লোরিডার বোকা রাটন হাই স্কুলে বাংলাদেশ ক্লাব অব ফ্লোরিডার আয়োজনে ষষ্ঠ ইউএস বাংলা মেলা অনুষ্ঠিত হয়েছে। মেলায় ছিল বাংলাদেশি সংস্কৃতি ও ঐতিহ্যের রঙিন প্রদর্শনী, সঙ্গীত, নৃত্য এবং ঐতিহ্যবাহী খাবারের সমৃদ্ধ আয়োজন।

দিনের শুরুতে বাংলাদেশ ও মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়। মেলার মূল আকর্ষণ ছিলেন বাংলাদেশ থেকে আমন্ত্রিত তারকাশিল্পী অংকন ইয়াসমিন, শাহনাজ বেলি, কিশোর দাস ও আরজিন কামাল। অংকন ইয়াসমিনের কণ্ঠে শ্রোতারা উপভোগ করেন একের পর এক কালজয়ী গান, শাহনাজ বেলি উপস্থাপন করেন বাংলা সঙ্গীতের ঐতিহ্য, আর কিশোর দাসের রোমান্টিক ও চিরসবুজ গান তরুণ-প্রবীণ সকল দর্শককে মুগ্ধ করে।

স্থানীয় ক্ষুদে শিল্পীরা—ইনশা, হিয়ান, দিয়া, আনকিতা, স্ততি, শ্রিয়া, বিন্তী, তাজরিয়ান, শাওন, মৌরিন, সান্ভি, রিদি, সোহিনী, দেব, আনুশ্কা ও হেমা নৃত্য ও সঙ্গীত পরিবেশনের মাধ্যমে দর্শকদের মন জয় করেন। ফ্লোরিডার স্বনামধন্য শিল্পীরা যেমন কে. জামান বাবু, সঞ্চিতা পাল, রোজিনা খান, শাহীন সুমন বিশ্বাস, সোনিয়া ও আফরোজ মিতু অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তুলেছেন।

মিলনায়তনের বাইরে মেলায় প্রদর্শিত হয়েছে বাংলার ঐতিহ্যবাহী খাবার, রঙিন শাড়ী, প্রসাধনী ও নানা ধরনের স্টল, যা দর্শকদের আকৃষ্ট করেছে। মেলা কমিটির সভাপতি আকরাম হোসেন ও সাধারণ সম্পাদক মিল্টন মজুমদারের তত্ত্বাবধানে অনুষ্ঠানটি সফলভাবে অনুষ্ঠিত হয় এবং রাত ১২টায় সমাপ্তি ঘোষণা করা হয়। আগামী বছর ৫ সেপ্টেম্বর ২০২৬ তারিখে সপ্তম ইউএস বাংলা মেলার আয়োজনের ঘোষণা দেওয়া হয়েছে।