Cvoice24.com

‘যে শৈশব আমি পাইনি, সেটাই পাচ্ছে আমার ভাই’

ক্রীড়া ডেস্ক, সিভয়েস২৪
১৪:২৭, ১২ জুলাই ২০২৬
‘যে শৈশব আমি পাইনি, সেটাই পাচ্ছে আমার ভাই’

বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে বেলজিয়ামকে ২-১ গোলে হারিয়ে সেমিফাইনালে জায়গা করে নিয়েছে স্পেন। তবে ম্যাচ শেষে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন শুধু লামিন ইয়ামাল নন, গ্যালারিতে উপস্থিত তার তিন বছর বয়সী ছোট ভাই কেইনও।

যুক্তরাষ্ট্রের সোফাই স্টেডিয়ামে ম্যাচ চলাকালে ক্যামেরা কয়েকবার গ্যালারিতে থাকা কেইনের দিকে ঘুরতেই তার হাসি, উচ্ছ্বাস আর দুষ্টুমিভরা অভিব্যক্তি দর্শকদের নজর কাড়ে। মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে ছোট্ট কেইনের ভিডিও ও ছবি।

২০২২ সালের সেপ্টেম্বরে ইয়ামালের মা শিলা এবানার ঘরে জন্ম নেয় কেইন। দুই ভাইয়ের মা একই হলেও বাবা ভিন্ন। তাদের বয়সের পার্থক্য ১৫ বছরেরও বেশি।

শৈশবে বাবা-মায়ের বিচ্ছেদের পর ইয়ামাল মূলত স্পেনের গ্রানোইয়ার্সে মায়ের কাছেই বেড়ে ওঠেন। পরে তার মা নতুন সংসার শুরু করলে জন্ম হয় কেইনের।

একাধিক সাক্ষাৎকারে ইয়ামাল জানিয়েছেন, ছোট ভাইকে এমন একটি শৈশব পেতে দেখে তিনি সবচেয়ে বেশি আনন্দ পান, যা তিনি নিজে পাননি।

তিনি বলেন, ‘আমি এমন একটি ঘর থেকে এসেছি যেখানে রান্নাঘর আর শোবার ঘর একই জায়গায় ছিল। আজ আমি আমার মাকে সুখী দেখছি। আমার ভাই সেই শৈশবটা পাচ্ছে, যেটা আমি নিজে পেতে চেয়েছিলাম। এটাই আমাকে সবচেয়ে বেশি আনন্দ দেয়।’

বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে ‘প্লেয়ার অব দ্য ম্যাচ’ হওয়ার পরও নিজের পারফরম্যান্স নয়, বরং পরিবার ও ছোট ভাইয়ের কথাই বেশি বলেছেন ইয়ামাল।

আবেগঘন কণ্ঠে তিনি বলেন, ‘আমার ছোট ভাইকে এতটা খুশি দেখতে পেরে আমি আবেগাপ্লুত। আমার মা এবং বন্ধুদেরও তাদের স্বপ্নের মতো জীবন কাটাতে দেখে খুব ভালো লাগে। আমার ছোট ভাইই আমার সব। আমি তাকে প্রচণ্ড ভালোবাসি। মনে হয়, সে যেন আমার নিজেরই সন্তান।’