মাঠের আগে কথার লড়াই
ইয়ামালের চ্যালেঞ্জের জবাব দিতে প্রস্তুত ফ্রান্স
ক্রীড়া ডেস্ক, সিভয়েস২৪
বিশ্বকাপের সেমিফাইনাল এখনও শুরু হয়নি। কিন্তু ম্যাচের উত্তাপ ছড়িয়ে পড়েছে মাঠের বাইরেই। স্পেনের বিস্ময়বালক লামিন ইয়ামালের আত্মবিশ্বাসী মন্তব্যে জমে উঠেছে দুই পরাশক্তির লড়াই। আর সেই চ্যালেঞ্জের জবাবও দিয়েছেন ফ্রান্সের ফুটবলাররা—কথায় নয়, জবাব হবে মাঠেই।
মঙ্গলবার (১৪ জুলাই) রাতে ডালাসে মুখোমুখি হবে স্পেন ও ফ্রান্স। ফাইনালের টিকিটের লড়াইয়ের আগে দুই দলের খেলোয়াড়দের বক্তব্য যেন ম্যাচের উত্তেজনায় নতুন মাত্রা যোগ করেছে।
কোয়ার্টার ফাইনালে জয়ের পর ইয়ামাল বলেছিলেন, ‘ফ্রান্সের যদি কাউকে ভয় পাওয়ার থাকে, তবে সেটা আমাদেরই।’ শুধু কথার ঝাঁজ নয়, নিজের দাবির পক্ষে যুক্তিও দিয়েছেন তিনি। স্মরণ করিয়ে দিয়েছেন ২০২৪ ইউরো চ্যাম্পিয়নশিপের সেমিফাইনাল এবং ২০২৫ নেশনস লিগের সেই ম্যাচের কথা, যেখানে শেষ হাসি হেসেছিল স্পেন।
তবে ফরাসিরা এই মানসিক লড়াইয়ে পা দিতে রাজি নন। লিভারপুলের ডিফেন্ডার ইব্রাহিমা কোনাতে পরিষ্কার জানিয়ে দিয়েছেন, বাইরে কে কী বলছে, সেদিকে তাদের কোনো মনোযোগ নেই।
‘আমরা কারও কথায় কান দিচ্ছি না। আমাদের কাউকে ভয় পাওয়ারও কিছু নেই। এই পর্যায়ে এসে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো বিনয়ী থাকা এবং কোনো ফাঁদে পা না দেওয়া,’ বলেন কোনাতে।
ইয়ামালের মন্তব্য নিয়ে তিনি আরও বলেন, ‘ও যা খুশি বলতে পারে। আমরা শুধু নিজেদের প্রস্তুত করছি। ম্যাচ শেষে বোঝা যাবে, কে সত্যিই সেরা।’
একই সুর শোনা গেছে আরেক ফরাসি ডিফেন্ডার ম্যাক্সেন্স লাক্রোয়ার কণ্ঠেও। তিনি স্পেনের শক্তিমত্তা স্বীকার করলেও আত্মবিশ্বাস হারাননি।
‘স্পেন দুর্দান্ত দল, তারা দারুণ ছন্দে আছে। কিন্তু আমরা নিজেদের শক্তিও জানি। আমরা ভয় পাই না। আমাদের লক্ষ্য একটাই—জয়,’ বলেন তিনি।
দুই দলের সাম্প্রতিক ইতিহাস অবশ্য স্পেনের পক্ষেই কথা বলছে। ইউরো ২০২৪-এর সেমিফাইনালে ফ্রান্সকে বিদায় করেছিল লা রোজা। এরপর ২০২৫ নেশনস লিগেও ফরাসিদের হারিয়ে নিজেদের আধিপত্য বজায় রাখে স্প্যানিশরা।
এবার সেই হিসাব পাল্টানোর সুযোগ ফ্রান্সের সামনে। অন্যদিকে স্পেন চাইবে সাম্প্রতিক সাফল্যের ধারাবাহিকতা ধরে রেখে টানা আরেকটি বড় টুর্নামেন্টের ফাইনালে জায়গা করে নিতে।
মঙ্গলবার বাংলাদেশ সময় রাত ১টায় যুক্তরাষ্ট্রের ডালাস স্টেডিয়ামে শুরু হবে বহুল প্রতীক্ষিত এই সেমিফাইনাল। ম্যাচটির বিজয়ী দল ফাইনালে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও ইংল্যান্ডের মধ্যকার দ্বিতীয় সেমিফাইনালের জয়ী দলের।
ম্যাচের আগে কথার লড়াইয়ে এগিয়ে থাকার চেষ্টা করছে দুই শিবিরই। তবে বিশ্বকাপের মতো মঞ্চে শেষ কথা বলবে ৯০ মিনিটের ফুটবল। আর সেই অপেক্ষাতেই এখন পুরো ফুটবল বিশ্ব।
খেলাধুলা সব খবর















