Cvoice24.com

ভিনি জুনিয়রের সঙ্গে ভার্জিনিয়া, ফের প্রেমের গুঞ্জনে সরগরম নেটদুনিয়া

ক্রীড়া ডেস্ক, সিভয়েস২৪
১৩:২৯, ১৫ জুলাই ২০২৬
ভিনি জুনিয়রের সঙ্গে ভার্জিনিয়া, ফের প্রেমের গুঞ্জনে সরগরম নেটদুনিয়া

ব্রাজিলের জনপ্রিয় ইনফ্লুয়েন্সার ভার্জিনিয়া ফনসেকা এবং ব্রাজিল জাতীয় ফুটবল দলের তারকা ফরোয়ার্ড ভিনি জুনিয়রকে ঘিরে আবারও প্রেমের গুঞ্জন শুরু হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের একটি অন্তরঙ্গ ছবি ছড়িয়ে পড়ার পর নতুন করে আলোচনায় এসেছেন এই দুই তারকা।

ছবিতে দেখা যায়, ইতালির উপকূলে ভিনি জুনিয়রের জন্মদিন উপলক্ষে আয়োজিত একটি প্রমোদতরী ভ্রমণে তার কোলে বসে আছেন ভার্জিনিয়া ফনসেকা। তবে দু'জনের কেউই তাদের সম্পর্কের বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেননি।

ব্রাজিলের সামাজিক যোগাযোগমাধ্যমভিত্তিক পেজ ডেইলি দো গারোতিনিও প্রথম ছবিটি প্রকাশ করে। পরে সেটি দ্রুত বিভিন্ন সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে।

ছবিটি প্রকাশের পর নেটিজেনদের নজর কাড়ে আরেকটি বিষয়। ভার্জিনিয়া যখন ভিনি জুনিয়রের কোলে বসে চুল ঠিক করছিলেন, তখন ভিনি মোবাইল ফোনের দিকে তাকিয়ে ছিলেন। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা ধরনের মন্তব্য দেখা যায়।

একজন ব্যবহারকারী লিখেছেন, ‘ওদিকে সে আবার অন্যদের ছবি দেখতেই ব্যস্ত।’ আরেকজন মন্তব্য করেন, ‘মুহূর্তটা এতটাই আকর্ষণীয়, অথচ তিনি ফোন নিয়েই ব্যস্ত।’ অন্য একজন ব্যঙ্গ করে লেখেন, ‘সে তাকে কতটা মনোযোগ দেয়, সেটা আমাকে সব সময়ই অবাক করে।’

এর আগেও গত জুন মাসে ব্রাজিলের ভালোবাসা দিবসে ভার্জিনিয়া সামাজিক যোগাযোগমাধ্যমে লাল গোলাপের বিশাল একটি তোড়ার ছবি শেয়ার করেন। ভক্তদের দাবি, সেটি ভিনি জুনিয়রের উপহার ছিল। সেই সময়ও দু'জনের সম্পর্ক আবারও জোড়া লাগার গুঞ্জন ছড়িয়ে পড়ে।

যদিও এখন পর্যন্ত ভিনি জুনিয়র কিংবা ভার্জিনিয়া ফনসেকা কেউই ব্যক্তিগত সম্পর্ক নিয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি। তবে তাদের একসঙ্গে দেখা যাওয়া এবং সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত নতুন ছবি ঘিরে ভক্তদের কৌতূহল ও আলোচনা অব্যাহত রয়েছে।